থাইল্যান্ডে শুটিংয়ে দুর্ঘটনায় আহত খায়রুল বাসার

থাইল্যান্ডে নাটকের শুটিং করতে গিয়ে স্কুটি দুর্ঘটনায় আহত হয়েছেন ছোটপর্দার অভিনেতা খায়রুল বাসার। এ ঘটনায় চিত্রগ্রাহক মেহেদী রনিও আহত হয়েছেন। বর্তমানে দুজনই হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে কোলান দ্বীপে পাহাড়ের ওপর শুটিং শেষে নিচে নামার সময় স্কুটিটি নিয়ন্ত্রণ হারালে তারা পড়ে যান। স্কুটিটি চালাচ্ছিলেন চিত্রগ্রাহক মেহেদী রনি।

দুর্ঘটনায় খায়রুল বাসারের বুকে ও হাঁটুতে আঘাত লাগে। হাঁটতেও তার কষ্ট হচ্ছে বলে জানিয়েছেন তিনি। মেহেদী রনির শরীরের কয়েকটি অংশ ছড়ে গিয়ে আঘাত পেয়েছে। দুজনেরই এক্স-রে করানোর কথা রয়েছে।

দুর্ঘটনার পর শুটিং টিমের সদস্যরা তাদের উদ্ধার করে পাতায়ায় নিয়ে যান। শারীরিক অবস্থার কারণে আপাতত শুটিং বন্ধ রাখা হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কয়েক দিন বিশ্রামে থাকতে হবে অভিনেতাকে।

খায়রুল বাসার জানান, থাইল্যান্ডে একসঙ্গে কয়েকটি নাটকের শুটিং করার পরিকল্পনা ছিল। তবে দুর্ঘটনার কারণে পরবর্তী কয়েক দিনের শুটিং বাতিল করতে হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *