ব্রেন টিউমারের পরবর্তী ধাপের চিকিৎসা নিতে আগামীকাল বুধবার (১২ আগস্ট) লন্ডনে ফিরছেন অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। সকাল ১০টার ফ্লাইটে ঢাকা ছাড়বেন তিনি।
বিষয়টি জানিয়েছেন তার ছেলে মিরাজুল মইন জয়। ইলিয়াস কাঞ্চনের সঙ্গে থাকবেন তার স্ত্রী ও জামাতা আরিফুল ইসলাম কলিন্স।
লন্ডনে পৌঁছে এক সপ্তাহ বিশ্রামে থাকার পর শুরু হবে তার পরবর্তী চিকিৎসা। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা পরবর্তী চিকিৎসাপদ্ধতি নির্ধারণ করবেন। এবারও মাউন্ট ভার্নন হাসপাতালে তার চিকিৎসা হবে।
গত বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে ইলিয়াস কাঞ্চনের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা টিউমারের বড় একটি অংশ অপসারণ করতে পারলেও ঝুঁকির কারণে পুরোটা অপসারণ সম্ভব হয়নি। এরপর তিন মাস কেমোথেরাপি ও কয়েক ধাপে ওরাল থেরাপি নেন তিনি।
তার ছেলে জয় জানান, চিকিৎসায় ইলিয়াস কাঞ্চনের টিউমার অনেকটাই ছোট হয়ে এসেছে এবং তার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকেরা সন্তুষ্ট। কেমোথেরাপির ধাপ শেষ হওয়ায় এবার নতুন চিকিৎসাপদ্ধতি শুরুর কথা ভাবছেন চিকিৎসকেরা।
লন্ডনে পৌঁছানোর পর সিটি স্ক্যান, এমআরআইসহ বিভিন্ন পরীক্ষা করা হবে। এসব পরীক্ষার ফলাফল পর্যালোচনা করেই পরবর্তী চিকিৎসা নির্ধারণ করা হবে।
উল্লেখ্য, গত ৩ আগস্ট দেশে ফেরেন ইলিয়াস কাঞ্চন। দেশে অবস্থানকালে চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীদের সঙ্গে দেখা করার পাশাপাশি গত ৭ আগস্ট নিসচার মহাসমাবেশেও অংশ নেন তিনি।