আগামী ১২ আগস্ট আকাশে দেখা যাবে বিরল পূর্ণ সূর্যগ্রহণ। ২০২৪ সালের এপ্রিলের পর এটিই বিশ্বের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এবং ১৯৯৯ সালের পর ইউরোপের মূল ভূখণ্ডে দৃশ্যমান হতে যাওয়া প্রথম পূর্ণ সূর্যগ্রহণ।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ণগ্রাসের দৃশ্য সর্বোচ্চ প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড স্থায়ী হতে পারে। গ্রিনিচ মান সময় অনুযায়ী বুধবার বিকেল ৩টা ৩৪ মিনিটে সূর্যগ্রহণের প্রক্রিয়া শুরু হবে।
চাঁদের প্রচ্ছায়া আর্কটিক অঞ্চল থেকে শুরু হয়ে পশ্চিম আইসল্যান্ড, উত্তর-পূর্ব পর্তুগাল ও উত্তর স্পেন অতিক্রম করবে। স্পেনের লিওন, বুর্গোস, বিলবাও, ভ্যালেন্সিয়াসহ কয়েকটি শহর থেকে পূর্ণ সূর্যগ্রহণ সবচেয়ে ভালোভাবে দেখা যাবে।
ধারণা করা হচ্ছে, প্রায় দেড় কোটি মানুষ পূর্ণগ্রাসের বলয়ের মধ্যে অবস্থান করবেন। এ ছাড়া বিশ্বজুড়ে প্রায় ৯৮ কোটি মানুষ আংশিক বা পূর্ণ সূর্যগ্রহণ প্রত্যক্ষ করতে পারবেন।
চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে সূর্যের আলো পুরোপুরি বা আংশিকভাবে ঢেকে দেয়, তখন সূর্যগ্রহণ ঘটে। চাঁদের ছায়া সূর্যের পুরো চাকতিকে ঢেকে ফেললে তাকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলা হয়।
নাসার তথ্য অনুযায়ী, পৃথিবীতে প্রতি বছর দুই থেকে পাঁচটি সূর্যগ্রহণ দেখা যায়। তবে পূর্ণ সূর্যগ্রহণ তুলনামূলকভাবে বিরল এবং গড়ে প্রায় দেড় বছর পরপর ঘটে থাকে।












