অতীতে ভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশের জনগণের প্রশ্ন-সন্দেহ রয়েছে: তথ্য উপদেষ্টা

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও একটি নির্দিষ্ট সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে অতীতে ভারতের ভূমিকা নিয়ে জনগণের মধ্যে দীর্ঘদিনের প্রশ্ন ও সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভারতের হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক এবং দুই দেশের সম্পর্ক প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, সরকারের অবস্থান পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং ও প্রকাশ্য বক্তব্যে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে ভারতের পক্ষ থেকে অনুকূল পরিবেশ তৈরির প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ডা. জাহেদ উর রহমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তার বক্তব্যের পর বাংলাদেশ যে বিবৃতি দিয়েছে, সেখানেও বিষয়টি স্পষ্ট করা হয়েছে। ভারতের পক্ষ থেকে ওই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই—এমন বক্তব্য দেওয়া হলেও বাংলাদেশের দৃষ্টিতে এতে ভারতের কোনো না কোনো পর্যায়ের সংশ্লিষ্টতা বা সমর্থনের প্রশ্ন রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সরকারের সঙ্গে নয়; বরং বাংলাদেশের জনগণের সঙ্গে হওয়া উচিত। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক নতুনভাবে বিন্যাস বা ‘রিঅ্যালাইনমেন্ট’-এর প্রয়োজন রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *