আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে দেশের মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সমর্থনে আবেগাপ্লুত মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। চলমান মিস ইউনিভার্স প্রতিযোগিতার প্রিলিমিনারি রাউন্ড শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন, প্রায় ৮ কোটি ভোটের এই সমর্থন তাঁর কাছে শুধু সংখ্যা নয়, বরং দেশের মানুষের ভালোবাসা ও বিশ্বাসের প্রতিফলন।
আজ ‘আমার প্রিয় বাংলাদেশ’ শিরোনামে দেওয়া পোস্টে মাহি লেখেন, ‘আজকের প্রিলিমিনারি রাউন্ডের পর আপনাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করার মতো নয়। দেশের হাজার মাইল দূরে থেকেও প্রতিটি মুহূর্তে আমি আপনাদের ভালোবাসা, দোয়া এবং সমর্থন অনুভব করেছি।’
দেশের মানুষের সম্মিলিত প্রচেষ্টা ও ভোট দেওয়ার আগ্রহ তাঁকে আবেগাপ্লুত করেছে উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘আমার জন্য আপনাদের এই ভালোবাসা, আপনাদের সম্মিলিত প্রচেষ্টা, ভোট দেওয়ার আগ্রহ—সবকিছুই আমাকে আবেগাপ্লুত করেছে। প্রায় ৮ কোটি ভোটের এই অভাবনীয় সমর্থন শুধু একটি সংখ্যা নয়, এটি আমার প্রতি আপনাদের ভালোবাসা, বিশ্বাস এবং বাংলাদেশের মানুষের এক বিশাল আবেগের প্রতিফলন।’
নিজের এই যাত্রায় দেশের মানুষের উপস্থিতি অনুভব করার কথাও জানিয়েছেন মাহি। তাঁর ভাষায়, ‘আমি হয়তো একা এই যাত্রায় এসেছি, কিন্তু প্রতিটি মুহূর্তে অনুভব করেছি আমার সঙ্গে আছে পুরো বাংলাদেশ। আপনাদের প্রতিটি ভোট, প্রতিটি মেসেজ, প্রতিটি দোয়া আমাকে আরও সাহসী করেছে।’
আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নাম গর্বের সঙ্গে তুলে ধরার প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, ‘আমি জানি, আপনারা আমাকে নিয়ে কতটা স্বপ্ন দেখছেন। আমিও মন থেকে চাই আপনাদের ভালোবাসা ও বিশ্বাসের মর্যাদা রাখতে এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নাম গর্বের সঙ্গে তুলে ধরতে। জীবনে অনেক ভালোবাসা পেয়েছি, কিন্তু নিজের দেশের মানুষের কাছ থেকে পাওয়া এই ভালোবাসা সত্যিই অন্যরকম।’
পোস্টের শেষাংশে দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন এই প্রতিযোগী। তিনি লেখেন, ‘আমার জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা নিয়েই শেষ পর্যন্ত এগিয়ে যেতে চাই। ভালোবাসি বাংলাদেশ। ভালোবাসি আমার দেশের মানুষকে। তোমরাই আমার সবচেয়ে বড় শক্তি।’
এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় শতাধিক দেশের প্রতিনিধির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন সামিরা খান মাহি। ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোর কোলসিও ডি পুয়ের্তো রিকো জোসে মিগুয়েল অ্যাগ্রেলটে বসবে ৭৫তম আসরের গ্র্যান্ড ফিনালে। স্থানীয় সময় রাত ৮টায় শুরু হতে যাওয়া এই আয়োজন বাংলাদেশ সময় ২৫ নভেম্বর সকাল ৬টায় দেখা যাবে।
অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন যুক্তরাষ্ট্রের টেলিভিশন উপস্থাপক মারিও লোপেজ ও মিস ইউনিভার্স ২০২২ বিজয়ী আর’বনি গ্যাব্রিয়েল। আর এবারের বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেবেন বর্তমান মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বশ।
এখন গ্র্যান্ড ফিনালের অপেক্ষায় মাহি। দেশের মানুষের ভালোবাসা ও সমর্থন সঙ্গে নিয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনতে চান তিনি।