ড্যানিয়েল ক্রেগের বিদায়ের পর নতুন জেমস বন্ড হিসেবে রবার্ট প্যাটিনসনের নাম ঘিরে ভক্তদের কৌতূহলের শেষ নেই। তবে নতুন বন্ডকে নিয়ে আলোচনার কেন্দ্রে এবার তাঁর অভিনয় কিংবা অ্যাকশন নয়, বরং হাতঘড়ি। পর্দায় ০০৭-এর কব্জিতে এবার কোন সুইস প্রতিষ্ঠানের ঘড়ি দেখা যাবে—দীর্ঘদিনের সঙ্গী ওমেগা, নাকি রবার্টের সঙ্গে যুক্ত জেজেয়ার লকুলত্র? এ নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা।
জেমস বন্ডের সঙ্গে সুইস ঘড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওমেগার সম্পর্ক প্রায় তিন দশকের। ১৯৯৫ সালে মুক্তি পাওয়া ‘গোল্ডেন আই’ ছবিতে পিয়ার্স ব্রসনানের হাতে প্রথম দেখা যায় প্রতিষ্ঠানটির ‘সিমাস্টার’ মডেলের ঘড়ি। এরপর ড্যানিয়েল ক্রেগের পাঁচটি ছবিতেও বন্ডের কব্জিতে ছিল ওমেগার ঘড়ি।
শুধু তাই নয়, পিয়ার্স ব্রসনান ও ড্যানিয়েল ক্রেগ—দুজনই প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন। ফলে বন্ডের সঙ্গে ওমেগার সম্পর্ক কেবল বিজ্ঞাপনী চুক্তিতে সীমাবদ্ধ থাকেনি; চরিত্রটির পরিচিতিরও অংশ হয়ে উঠেছে।
অন্যদিকে, নতুন বন্ড রবার্ট প্যাটিনসন সুইস বিলাসবহুল ঘড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান জেজেয়ার লকুলত্রর ব্র্যান্ড অ্যাম্বাসেডর। গত সেপ্টেম্বর মাসে এই দায়িত্ব পান তিনি। এর আগে ভেনিস চলচ্চিত্র উৎসবেও তাঁর হাতে দেখা গিয়েছিল প্রতিষ্ঠানটির বিশেষ মডেল ‘মাস্টার হাইব্রিস আর্টিস্টিকা ক্যালিবার ১৮৪’। হীরাখচিত এই ঘড়িটির দাম প্রায় ১০ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি টাকা। একটি মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে এই মডেলের মাত্র পাঁচটি ঘড়ি তৈরি করা হয়েছে।
নতুন বন্ডের হাতে কোন প্রতিষ্ঠানের ঘড়ি দেখা যাবে, তা নিয়ে জল্পনার সূত্রপাত গত ১৬ নভেম্বর। সেদিন নতুন জেমস বন্ড হিসেবে রবার্ট প্যাটিনসনের নাম ঘোষণার পর প্রকাশিত প্রথম ছবিতে তাঁকে দেখা যায় টাক্সিডো পরা অবস্থায়, হাতে বন্দুক। কিন্তু নজর কেড়েছে অন্য একটি বিষয়—তাঁর কব্জিতে ছিল না কোনো ঘড়ি। সেই ঘড়িশূন্য কব্জি ঘিরেই শুরু হয়েছে নানা অনুমান। অনেকের ধারণা, বন্ডের হাতে কোন প্রতিষ্ঠানের ঘড়ি থাকবে, সেই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত না হওয়ায় ছবিতে ঘড়ি রাখা হয়নি। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
রবার্টের সঙ্গে জেজেয়ার লকুলত্রর চুক্তি থাকায় প্রতিষ্ঠানটি নতুন বন্ডের ছবিতে নিজেদের ঘড়ি দেখতে আগ্রহী হতে পারে বলে মনে করছেন অনেকে। অন্যদিকে, ০০৭-এর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ধরে রাখতে চায় ওমেগাও। গত অক্টোবরেই জেমস বন্ডকে উৎসর্গ করে নতুন ঘড়ির সংগ্রহ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। সেই সংগ্রহে রয়েছে ‘সিমাস্টার ডাইভার ৩০০এম’ এবং বন্ডের পুরোনো শত্রু ‘স্পেকটার’-এর অনুপ্রেরণায় তৈরি বিশেষ একটি মডেল। তবে নতুন ছবিতে ওমেগার ঘড়ি ব্যবহারের বিষয়ে জানতে চাওয়া হলে আপাতত মন্তব্য করতে রাজি হয়নি প্রতিষ্ঠানটি।
বন্ডের সঙ্গে ঘড়ি প্রতিষ্ঠানের চুক্তির আর্থিক গুরুত্বও কম নয়। ওমেগার সাবেক কর্মকর্তা জঁ-ক্লদ বিভের একসময় জানিয়েছিলেন, জেমস বন্ডের সঙ্গে চুক্তির জন্য প্রতিষ্ঠানটি প্রায় ২০ লাখ ডলার পর্যন্ত প্রস্তাব দিয়েছিল। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২২ কোটি টাকা। প্রাথমিক চাহিদা ছিল ৫০ হাজার থেকে ৬০ হাজার ডলারের মধ্যে। বন্ডের ছবিতে ঘড়ি ব্যবহারের পাশাপাশি বিজ্ঞাপনের স্বত্বও ছিল চুক্তির অংশ। ২০২২ সালে ওমেগার বর্তমান কর্তা রেনাল্ড অ্যাশলিম্যান জানিয়েছিলেন, নতুন বন্ডের ছবি মুক্তির পর ঘড়ির বিক্রিতে উল্লেখযোগ্য প্রভাব পড়ে।
তবে শেষ পর্যন্ত সিদ্ধান্তটি রবার্ট প্যাটিনসনের ব্যক্তিগত বিজ্ঞাপনী চুক্তির ওপর নির্ভর করবে না। ছবির পরিচালক ডেনিস ভিলনভ ও প্রযোজকেরাই ঠিক করবেন, পর্দায় বন্ডের কব্জিতে কোন প্রতিষ্ঠানের ঘড়ি থাকবে। রবার্টের সঙ্গে জেজেয়ার লকুলত্রর সম্পর্ক থাকলেও চরিত্রের প্রয়োজনে অন্য প্রতিষ্ঠানের ঘড়ি ব্যবহারে কোনো বাধা থাকবে কি না, সেটিও এখনো পরিষ্কার নয়।
ঘড়ি বিশেষজ্ঞদের একাংশের ধারণা, ওমেগার ‘সিমাস্টার’-এর বিকল্প হিসেবে জেজেয়ার লকুলত্রর ‘পোলারিস’ কিংবা ‘রিভার্সো’ মডেলও বিবেচনায় আসতে পারে। তবে এসবই আপাতত অনুমান। নতুন ছবিতে জেমস বন্ডের কব্জিতে শেষ পর্যন্ত কোন ঘড়ি শোভা পাবে, সেই উত্তর এখনো অজানা। আপাতত রবার্টের ঘড়িশূন্য কব্জিই বাড়িয়ে দিয়েছে দুই সুইস প্রতিষ্ঠানের সম্ভাব্য প্রতিযোগিতা নিয়ে দর্শকের আগ্রহ।