ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে উড়োজাহাজ চাওয়াকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার সকালে আইসিটিতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বরাতে রয়টার্স জানায়, শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন এবং তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ফিরতে চান।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনা ফেরারি ও পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি। তিনি বাংলাদেশ সরকারের কাছে এয়ারক্রাফট চাচ্ছেন, এটা হাস্যকর ঘটনা। তাঁর জনৈক মুখপাত্রের এই দাবি একটা উন্মাদনা ছাড়া আর কিছু আমি মনে করি না।’
তিনি আরও বলেন, ‘একজন পলাতক আসামির পক্ষে অন্য কেউ এয়ারক্রাফট চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল। অতএব এই জাতীয় দাবি মোটেই গ্রহণযোগ্য হতে পারে না।’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের পেট্রোপোল সীমান্ত পরিদর্শনের বিষয়ে প্রশ্ন করা হলে চিফ প্রসিকিউটর বলেন, ‘এটা বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে না। অন্য দেশে তাঁদের তৎপরতা কূটনৈতিক চ্যানেল ছাড়া বলা যায় কি? তাঁদের তৎপরতা আমরা দেখছি বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে।’