আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন জটিলতা নিরসনে সরকারের পক্ষ থেকে আন্তরিকভাবে আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।
বুধবার (১২ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ইউনেস্কোসহ কয়েকটি সংস্থার যৌথ আয়োজনে ‘আন্তর্জাতিক যুব দিবস: ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্যমন্ত্রী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে—এমন খবরের বিষয়ে জানতে চাইলে জহির উদ্দিন স্বপন বলেন, এ ধরনের কোনো বিষয় এখনো সরকারের নজরে আসেনি। তবে এমন গুজব বা বিভ্রান্তিকর তথ্য সরকারের নজরে এলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তথ্যমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। কূটনৈতিক জটিলতা নিরসনে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে।
তিনি বলেন, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারও ইতিমধ্যে জানিয়েছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে এমন কোনো বিষয় নেই, যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। এ কারণে চলমান আলোচনায় ইতিবাচক ফল আসবে বলে সরকার আশা করছে।
দেশের নতুন রাষ্ট্রপতি কে হতে পারেন—এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন আশা প্রকাশ করেন, জনগণের কাঙ্ক্ষিত ও আস্থাভাজন একজন ব্যক্তিত্বই বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হবেন।
এর আগে অনুষ্ঠানের মূল পর্বে বক্তব্য দিতে গিয়ে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশের তরুণ ও যুবসমাজের সার্বিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
তিনি জানান, মন্ত্রিসভার বৈঠকগুলোতে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি, খেলাধুলার উন্নয়ন, সৃজনশীলতা বিকাশ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলার মতো বিষয় গুরুত্বের সঙ্গে আলোচনা করা হচ্ছে।
তথ্যমন্ত্রী জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে বিশ্বের যুবসমাজের প্রতি আরও বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তাঁর মতে, তরুণদের শক্তি ও সৃজনশীলতাকে কাজে লাগাতে পারলে বিশ্ব সভ্যতার অগ্রগতি ও সমৃদ্ধিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, দেশের তরুণদের স্বাবলম্বী করে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
এর অংশ হিসেবে সহজ শর্তে ঋণ দেওয়ার পাশাপাশি কম্পিউটার, ল্যাপটপ ও প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।










