ইরান যুদ্ধের পর হুথিদের জাহাজে প্রাণঘাতী হামলা, নিহত ৬

লোহিত সাগরে একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথিরা। এতে অন্তত ছয়জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। ইরান যুদ্ধ শুরুর পর জাহাজে হুথিদের হামলায় এটিই প্রথম প্রাণহানির ঘটনা বলে জানিয়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার।

বুধবার (১২ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় জানায়, আল মাখা বন্দরের দক্ষিণে জাহাজটিতে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। হামলায় তিন পাকিস্তানি ও এক ইন্দোনেশীয় নাবিকসহ চারজন নিহত হন।

পরে জাহাজ থেকে লোকজন সরিয়ে নেওয়ার সময় উদ্ধারকর্মীদের লক্ষ্য করে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে আরও প্রাণহানি ঘটে।

হুথিরা দাবি করেছে, সৌদি সামরিক সরঞ্জাম বহনকারী একটি জাহাজকে লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরুর পর এটিই হুথিদের প্রথম প্রাণঘাতী জাহাজ হামলা।

ইয়েমেন সরকার জানিয়েছে, জাহাজটি খাদ্য বহন করছিল। হামলার ঘটনায় আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে। এদিকে হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজটির নাম ‘তিহামাহ’ বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। জাহাজটি তানজানিয়ার পতাকাবাহী এবং একটি মিশরীয় অপারেটরের মালিকানাধীন বলে জানা গেছে।

এ ঘটনায় লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *