বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জুডিশিয়াল ভবনের সামনে এ বিস্ফোরণ ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বিস্ফোরণের পর আদালত চত্বরে বিচারপ্রার্থী, আইনজীবী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহসহ তদন্ত শুরু করেন।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহসহ আদালতের বিচারকরা।
বিএমপির উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার জানান, সিআইডির একটি টিম ঘটনাটি তদন্ত করছে। তদন্ত শেষে বিস্ফোরণের প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এদিকে ঘটনার পর আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।












