হরমুজ খোলার শর্তে অনড় ইরান, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়ে নিজেদের অবস্থানে অনড় রয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ও নৌ অবরোধ বন্ধ এবং বিদেশে জব্দ ইরানি সম্পদ ছাড় না করা পর্যন্ত প্রণালিটি খোলা হবে না বলে জানিয়েছে তেহরান।

বুধবার (১২ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নবনিযুক্ত প্রধান মোহসেন রেজাই তেহরানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতকে বলেছেন, যুক্তরাষ্ট্রকে সামরিক অভিযান বন্ধ করার পাশাপাশি ইরানের জব্দকৃত তহবিল ছাড় করতে হবে। একই সঙ্গে গাজা ও লেবাননসহ পুরো অঞ্চলে যুদ্ধবিরতির দাবিও জানিয়েছেন তিনি।

রেজাই বলেন, যুক্তরাষ্ট্র শর্তগুলো মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খোলা হবে না। এ বিষয়ে ওয়াশিংটনের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ইরান সফর করেছেন। তার তেহরান সফরকে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ অমান্য করায় ওমান উপসাগরে পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজের স্টিয়ারিং গিয়ার অচল করতে মার্কিন নৌবাহিনী হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

অন্যদিকে লোহিত সাগরের বাব এল-মান্দেব প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে সন্দেহভাজন হুথি হামলায় কয়েকজন নাবিক ও ইয়েমেনি উদ্ধারকর্মী নিহত হয়েছেন। এতে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *