টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীকে ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তাঁর বিয়ের একটি আমন্ত্রণপত্র। কার্ডে বর-কনের প্রতীকী ছবির পাশাপাশি দেখা গেছে অভিনেত্রীর তিন পোষ্য কুকুর—চিকু জুনিয়র, ম্যাক্স ও জাদুকে। এরপর থেকেই প্রশ্ন উঠছে, সত্যিই কি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন মিমি?
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সিদ্ধার্থ দত্তের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন অভিনেত্রী। আগামী ২৬ নভেম্বর তাঁদের আইনি বিয়ে এবং ডিসেম্বরে মূল অনুষ্ঠান হওয়ার কথা। কালিম্পংয়ে বিয়ের আয়োজনের খবরও প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে মিমি নিজে এখনো স্পষ্ট করে কিছু জানাননি। বিয়ের কার্ড নিয়ে প্রশ্ন করা হলে সাংবাদিকদের উল্টো প্রশ্ন করেন, ‘কার কার্ডের কথা বলছেন?’
ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন মিমি। সম্পর্ক, বিয়ে কিংবা নিজের পছন্দ-অপছন্দ—সব ক্ষেত্রেই নিজের সিদ্ধান্তকে গুরুত্ব দিয়েছেন তিনি। একসময় বিয়ের প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছিলেন, জীবনসঙ্গী হিসেবে এমন কাউকে চান, যিনি ভালো মানুষ হওয়ার পাশাপাশি তাঁর ভালো বন্ধু হবেন, ঘুরতে ভালোবাসবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাঁর পোষ্যদের ভালোবাসবেন।
অভিনয়ের ক্ষেত্রেও নিজের পছন্দ ও শর্তের বিষয়ে বরাবরই স্পষ্ট মিমি। বিশেষ করে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের প্রশ্নে সময়ের সঙ্গে তাঁর দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে।
একসময় সৃজিত মুখার্জির ‘চতুষ্কোণ’ ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন মিমি। চরিত্রের প্রয়োজনে খোলামেলা পোশাক ও অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হতো বলে তখন তাঁর কিছুটা দ্বিধা ছিল। পরিবারের কাছেও বিষয়টি নিয়ে জবাবদিহির চিন্তা ছিল।
তবে পরে নিজের সেই অবস্থান নিয়ে নতুন করে ভাবেন অভিনেত্রী। ২০১৬ সালের এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, অভিনয়ে চরিত্রের প্রয়োজনে নিজেকে প্রস্তুত করা জরুরি। ২০২২ সালে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে আরও খোলামেলা অবস্থান জানান তিনি। চুম্বন কিংবা ঘনিষ্ঠ রোমান্সের দৃশ্য চিত্রনাট্যের প্রয়োজনে হলে অভিনয় করতে আপত্তি নেই তাঁর। তাঁর কাছে গুরুত্বপূর্ণ হলো, দৃশ্যটি গল্প ও চরিত্রের জন্য কতটা প্রয়োজনীয়।
পুপে থেকে টালিউডের জনপ্রিয় অভিনেত্রী
জলপাইগুড়িতে জন্ম ও বেড়ে ওঠা মিমির অভিনয়জীবনের শুরু মডেলিং দিয়ে। ২০১০ সালে ‘গানের ওপারে’ ধারাবাহিকে পুপে চরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান তিনি। এরপর ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক। একই বছর ‘বোঝে না সে বোঝে না’ ছবিতে অভিনয় করে দর্শকের কাছে আরও জনপ্রিয় হয়ে ওঠেন।
এরপর ‘প্রলয়’, ‘জামাই ৪২০’, ‘পোস্ত’, ‘গ্যাংস্টার’, ‘ক্রিসক্রস’ ও ‘রক্তবীজ’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। চরিত্রের বৈচিত্র্য এবং অভিনয়ের ধরন দিয়ে নিজেকে বারবার ভেঙেছেন এই অভিনেত্রী। ২০২৫ সালে ‘রক্তবীজ ২’-এ পুলিশ কর্মকর্তা সংযুক্তা মিত্রের চরিত্রেও প্রশংসা পান। ২০২৬ সালে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এ দেখা গেছে তাঁকে।
অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও যুক্ত হয়েছিলেন মিমি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে যাদবপুর আসন থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালে সংসদ সদস্যের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান তিনি। এরপর অভিনয়েই বেশি মনোযোগী হয়েছেন।
বাংলাদেশের দর্শকের কাছেও মিমির পরিচিতি বেড়েছে শাকিব খানের বিপরীতে রায়হান রাফীর ‘তুফান’ ছবিতে অভিনয়ের পর। দুই বাংলায় ছবিটির গানও বেশ জনপ্রিয়তা পায়।
সব মিলিয়ে বিয়ের গুঞ্জন থেকে ব্যক্তিগত সম্পর্ক, অভিনয়ে সাহসী সিদ্ধান্ত কিংবা পেশাগত জীবন—সব ক্ষেত্রেই নিজের মতো করে চলতে পছন্দ করেন মিমি চক্রবর্তী। অন্যের প্রত্যাশার চেয়ে নিজের স্বাচ্ছন্দ্য ও সিদ্ধান্তকেই বেশি গুরুত্ব দেন এই অভিনেত্রী।