কাতারে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ফিজিকে ১৫-০ গোলে হারিয়েছে স্পেন। এই জয়ে বিশ্বকাপের ইতিহাসে নিজেদের সর্বোচ্চ ব্যবধানের জয় পেয়েছে স্পেনের বয়সভিত্তিক দল। ১৯৯৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩-০ গোলের জয় ছিল তাদের আগের সর্বোচ্চ। তবে প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ জয়ের যৌথ রেকর্ড গড়া হয়নি মাত্র একটি গোলের জন্য।
শুরুর বাঁশি বাজার পর থেকেই আক্রমণে ছিল স্পেন। হাফটাইমের আগেই ৯ গোল করে তারা, বিরতির পর যোগ করে আরও ছয়টি।
রাফা ক্রুজ ২১ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করেন এবং শেষ পর্যন্ত গোল করেন পাঁচটি। রবার্তো থমাস ও গুইলেরমো ত্রুজিলানো পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। মার্কো কোম্পানি, বদলি ইয়েরেমিয়া রামোস ও জর্জ ডোমিঙ্গেজ লিতুবা করেন জোড়া গোল।
প্রতিযোগিতার ইতিহাসে কোনো দলের সবচেয়ে বড় জয়ের রেকর্ড মরক্কোর। গত বছর নিউ ক্যালেডোনিয়ার বিপক্ষে তারা ১৬-০ গোলে জিতেছিল। স্পেন তা থেকে এক গোল পিছিয়ে থেকেছে।
ফিজির জন্য এবারের আসর দুঃস্বপ্নের মতো কেটেছে। প্রথম ম্যাচে মরক্কোর কাছে তারা ৬-০ গোলে হারে, এরপর স্পেনের বিপক্ষে হজম করে ১৫ গোল। অর্থাৎ দুই ম্যাচেই ২১ গোল খেয়েছে দলটি।
গত আসরে তিন ম্যাচ খেলে তারা ২০ গোল হজম করেছিল। সেবার তিউনিসিয়া, বেলজিয়াম ও আর্জেন্টিনার কাছে যথাক্রমে ৬, ৭ ও ৭ গোলে হেরেছিল তারা।
টানা দ্বিতীয়বার বিশ্বমঞ্চে খেলতে নামা ফিজি বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলেছে। এই পাঁচ ম্যাচে তারা কোনো গোল করতে পারেনি, বিপরীতে হজম করেছে ৪১টি।