বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকে হারানোর এক বছর পূর্ণ হলো আজ। ২০২৫ সালের ২৪ নভেম্বর ৮৯ বছর বয়সে মারা যান এই অভিনেতা। প্রথম মৃত্যুবার্ষিকীতে স্বামীকে স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছেন অভিনেত্রী হেমা মালিনী। সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মেন্দ্রর সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের কয়েকটি ছবিও প্রকাশ করেছেন তিনি।
পোস্টে হেমা লিখেছেন, ‘দেখতে দেখতে একটি বছর পেরিয়ে গেল, কিন্তু আমার শোকের তীব্রতা এতটুকু কমেনি। এমন একজন মানুষকে হারানোর শোক বয়ে বেড়াচ্ছি, যিনি শুধু আমার স্বামী ছিলেন না। তিনি ছিলেন আমার সবকিছু—বন্ধু, দার্শনিক, পথপ্রদর্শক, আমার শক্তি, সংক্ষেপে আমার অস্তিত্বের অংশ।’
ধর্মেন্দ্রকে ছাড়া জীবন শূন্য মনে হচ্ছে জানিয়ে হেমা আরও লিখেছেন, তাঁর অসাধারণ ব্যক্তিত্ব, সহজাত ভালো গুণাবলি এবং পরিচিত সবার প্রতি ভালোবাসা তাঁকে সত্যিই অনন্য করে তুলেছিল। সাফল্যের শিখরে পৌঁছেও তিনি মাটির কাছাকাছি ছিলেন এবং নিজের শিকড়ের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন।
ধর্মীয় বিশ্বাসের প্রসঙ্গ টেনে হেমা লিখেছেন, ‘ভগবদ্গীতা বলে, আত্মা অমর এবং পুনর্জন্ম লাভ করে। আমি তা জানি। কিন্তু আমি এখনো এই জীবনেই আছি, তাই তাঁর স্নেহময় উপস্থিতি ভীষণভাবে অনুভব করি।’
স্বামীর স্মৃতিতে আবেগঘন বার্তা দেওয়ার পাশাপাশি ধর্মেন্দ্রকে ভালোবাসা ও স্মরণ করার জন্য ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন হেমা। লাখো ভক্ত এখনো ধর্মেন্দ্রকে মনে রেখেছেন এবং তাঁকে নিয়ে ভালোবাসাপূর্ণ বার্তা পাঠিয়েছেন বলে উল্লেখ করেন অভিনেত্রী।
১৯৮০ সালে বিয়ে করেন হেমা মালিনী ও ধর্মেন্দ্র। তাঁদের দুই মেয়ে এশা দেওল ও অহনা দেওল। দীর্ঘ অভিনয়জীবনে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন ধর্মেন্দ্র। বলিউডে ‘হি-ম্যান’ নামে পরিচিত এই অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন চলচ্চিত্র অঙ্গনের অসংখ্য তারকা ও ভক্ত।
মুম্বাইয়ের পাওয়ান হংস শ্মশানে ধর্মেন্দ্রর শেষকৃত্য সম্পন্ন হয়। পরে ২৭ নভেম্বর মুম্বাইয়ের তাজ ল্যান্ডস অ্যান্ড হোটেলে তাঁর স্মরণে প্রার্থনাসভার আয়োজন করা হয়েছিল। এক বছর পেরিয়ে গেলেও স্বামীর স্মৃতি যে হেমা মালিনীর জীবনে কতটা গভীরভাবে জড়িয়ে আছে, তাঁর আবেগঘন বার্তায় তা আবারও স্পষ্ট হয়ে উঠেছে।