বলিউডের ‘খিলাড়ি’খ্যাত অভিনেতা অক্ষয় কুমার আবারও আলোচনায়। এবার সিনেমার পর্দায় নয়, বাস্তবের মঞ্চে পোশাকে আগুন জ্বালিয়ে ভয়ংকর স্টান্ট দেখিয়ে দর্শকদের চমকে দিয়েছেন তিনি। হাতে তলোয়ার নিয়ে আগুনের মধ্যে তাঁর এই পারফরম্যান্সের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সম্প্রতি মুম্বাইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ায় আয়োজিত ‘গ্লোবাল পিস অনার্স ২০২৬’ অনুষ্ঠানে পারফর্ম করেন অক্ষয়। তারকাখচিত এই আয়োজনে বলিউডের আরও কয়েকজন তারকা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অক্ষয়ের পরিবেশনার বেশ কিছু ছবি ও ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, হাতে তলোয়ার নিয়ে মঞ্চে দাঁড়িয়ে আছেন অভিনেতা। এ সময় নৃত্যশিল্পীরা তাঁর ট্রাউজারে আগুন ধরিয়ে দেন। অন্য একটি ভিডিওতে মাথায় জ্বলন্ত প্রপ তুলে নিতে দেখা যায় তাঁকে। পোশাকে আগুন জ্বলতে থাকা অবস্থায়ও স্বাভাবিকভাবে স্টান্ট চালিয়ে যান অক্ষয়। তাঁর এমন পারফরম্যান্সে বিস্মিত হন উপস্থিত দর্শকেরা।
তবে আগুন নিয়ে এমন ঝুঁকিপূর্ণ স্টান্ট অক্ষয়ের জন্য নতুন নয়। এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে দর্শকদের সামনে নানা ধরনের দুঃসাহসিক কসরত দেখিয়েছেন তিনি। বলিউডের অ্যাকশনধর্মী সিনেমাতেও নিজের স্টান্ট নিজেই করতে পছন্দ করেন এই অভিনেতা।
এক সাক্ষাৎকারে অক্ষয় জানিয়েছিলেন, ক্যারিয়ারের শুরুর দিকে অ্যাকশন দৃশ্য ধারণের সময় নিরাপত্তাব্যবস্থা এখনকার মতো উন্নত ছিল না। তখন ভিএফএক্স ও আধুনিক প্রযুক্তির ব্যবহারও ছিল সীমিত। ফলে অনেক বিপজ্জনক দৃশ্য বাস্তবেই করতে হতো তাঁকে। সেই অভিজ্ঞতার মধ্য দিয়েই অ্যাকশন অভিনেতা হিসেবে নিজের আলাদা পরিচিতি গড়ে তুলেছেন অক্ষয় কুমার।