হিজাব ছাড়া কনসার্টে গান পরিবেশনের দায়ে ইরানি সংগীতশিল্পী পারাস্তু আহমাদি ও তাঁর দলের চার সদস্যকে ৭৪ বার করে বেত্রাঘাত করা হয়েছে। জনসমক্ষে নারীদের পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে তাঁদের এ শাস্তি দেওয়া হয়। একই সঙ্গে তাঁদের দুই বছরের ভ্রমণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সংগীতশিল্পী ও তাঁর সহযোগীদের আইনজীবী এ তথ্য জানান। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম আল মনিটরের প্রতিবেদনে বলা হয়, ইরানের সংস্কারপন্থী সংবাদমাধ্যম এমতেদাদ আইনজীবী মোস্তফা নিলির বরাত দিয়ে জানিয়েছে, পারাস্তু আহমাদি ও তাঁর চার সহযোগীর প্রত্যেককে ৭৪ বার করে বেত্রাঘাত করা হয়েছে। জনসমক্ষে অশালীন আচরণ এবং অনলাইনে অশ্লীল ও অনৈতিক বিষয়বস্তু প্রকাশের অভিযোগে তাঁদের দোষী সাব্যস্ত করা হয়েছিল।
আইনজীবী দলের এক সদস্য জানান, আহমাদি, কনসার্টে অংশ নেওয়া তিন সংগীতশিল্পী এবং গায়িকার প্রযোজককে ইরানের পবিত্র নগরী কোমে এ শাস্তি দেওয়া হয়েছে।
২০২৪ সালের ডিসেম্বরে কোম শহরে হিজাব ছাড়াই একটি কনসার্টে অংশ নেন ২৯ বছর বয়সী পারাস্তু আহমাদি। সে সময় তাঁর পরনে ছিল হাতাকাটা পোশাক। কনসার্টে তিনি ঐতিহ্যবাহী ইরানি গান পরিবেশন করেন। অনুষ্ঠানটির ভিডিও এখনো তাঁর ইউটিউব চ্যানেলে রয়েছে। ভিডিওটি ৩৩ লাখের বেশি বার দেখা হয়েছে। বর্তমানে তাঁর চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৭৭ হাজারের বেশি।
কনসার্টের পরপরই ২০২৪ সালের ডিসেম্বরে তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে অল্প সময়ের মধ্যেই মুক্তি পান তিনি। পরে গত জুনে তাঁকে দোষী সাব্যস্ত করা হয় এবং সেপ্টেম্বরে সেই রায় বহাল রাখেন আপিল আদালত।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকেই ইরানে জনসমক্ষে নারীদের চুল ঢেকে রাখা এবং ঢিলেঢালা পোশাক পরা আইনত বাধ্যতামূলক। তবে আইনটির প্রয়োগ সব সময় সমান কঠোর ছিল না। বিশেষ করে ২০২২ সালের পর থেকে দেশটিতে হিজাববিধি অমান্য করে নারীদের জনসমক্ষে চলাচলের প্রবণতা বেড়েছে। রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে অনেক নারীকে হিজাব ছাড়াই চলাফেরা করতে দেখা যাচ্ছে।
২০২২ সালে যথাযথভাবে হিজাব না পরার অভিযোগে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে ইরানজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপর থেকে হিজাব আইন নিয়ে সরকারের সঙ্গে সাধারণ মানুষের বিরোধ আরও প্রকাশ্য হয়ে ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেক নারী হিজাব ছাড়া নিজেদের ছবি প্রকাশ করছেন।
এদিকে হিজাব আইন কার্যকরে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন ইরানি কর্মকর্তারা। গত অক্টোবরের শেষ দিকে তেহরানের সরকারি কৌঁসুলি আলী সালেহি হিজাবসংক্রান্ত বিধি কার্যকরে ব্যর্থ সরকারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। সরকারের শালীনতা ও হিজাব টাস্কফোর্সের এক বৈঠকে তিনি এ সতর্কবার্তা দেন।
এর আগে ২০২৫ সালের অক্টোবরে ইরানের এক কর্মকর্তা জানিয়েছিলেন, নারীদের হিজাব আইন মেনে চলা নিশ্চিত করতে তেহরান প্রদেশে ৮০ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এই বাহিনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও বিচার বিভাগের কর্মকর্তারাও রয়েছেন।
হিজাব ও শালীনতাসংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগে এর আগেও ইরানের একাধিক শিল্পীকে গ্রেপ্তার ও শাস্তির মুখে পড়তে হয়েছে। ২০২৩ সালে সংগীতশিল্পী মেহদি ইয়াররাহিকে গ্রেপ্তার করা হয়। ওই বছর প্রকাশিত তাঁর একটি গানে ইরানি নারীদের হিজাব খুলে ফেলার আহ্বান জানানো হয়েছিল। পরে একই বছর জামিনে মুক্তি পান তিনি।
এ ছাড়া ২০২৪ সালে জনসমক্ষে হিজাব ছাড়া গান পরিবেশন করে ভিডিও ধারণের অভিযোগে সংগীতশিল্পী জারা ইসমাইলিকেও গ্রেপ্তার করা হয়। তিনি ঠিক কবে মুক্তি পেয়েছেন, তা স্পষ্ট নয়। তবে ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বর্তমানে তিনি ফ্রান্সে অবস্থান করছেন।