প্রথমবারের মতো চীনের মহাকাশ অভিযানে শামিল হতে যাচ্ছেন একজন বিদেশি নভোচারী। বুধবার একটি নতুন মহাকাশযানে চড়ে ইতিহাস গড়তে যাওয়া পাকিস্তানের ওই নভোচারী জানিয়েছেন, এ যাত্রায় তিনি সঙ্গে নিয়ে যাচ্ছেন ‘২৫ কোটি পাকিস্তানির আশা-আকাঙ্ক্ষা’। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে চীনের মানববাহী মহাকাশ সংস্থার (সিএমএসএ) মুখপাত্র ঝাং জিংবো জানান, বুধবার সকাল ৮টা ১৮ মিনিটে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গোবি মরুভূমির জিউকুয়ান উৎক্ষেপণকেন্দ্র থেকে শেনঝৌ-২৪ মিশনটি যাত্রা শুরু করবে।
চীনের তিয়াংগং মহাকাশ স্টেশন পরিচালনার দায়িত্বে সাধারণত তিন সদস্যের একটি নভোচারী দল থাকে এবং প্রতি ছয় মাস অন্তর দলের সদস্য পরিবর্তন করা হয়। আসন্ন এই অভিযানেই পাকিস্তানের পেলোড বিশেষজ্ঞ মুহাম্মদ জিশান আলী তিয়াংগং স্টেশনে পা রাখা প্রথম বিদেশি নভোচারীর মর্যাদা অর্জন করবেন।
নভোচারীদের পরিচয় করিয়ে দিতে অনুষ্ঠিত আরেকটি পৃথক সংবাদ সম্মেলনে জিশান আলী বলেন, ‘আমি আমার কাঁধে বহন করছি পাকিস্তানের নাম, ২৫ কোটি পাকিস্তানির আশা-আকাঙ্ক্ষা।’ তিনি আরও বলেন, ‘আমি যখন মহাকাশে থাকব, তখন যেসব শিশু আমার দিকে তাকিয়ে থাকবে, তাদের বলব, আকাশের দিকে তাকাও এবং মনে রেখো, তোমাদের স্বপ্ন নিয়েই আমি সেখানে আছি।’ বক্তব্য দেওয়ার আগে তিনি সাবলীলভাবে ম্যান্ডারিন ও উর্দু ভাষায় কথা বলেন।
জিশান আলীর মহাকাশ সফর বেশ সংক্ষিপ্ত হবে। পৃথিবীর কক্ষপথে প্রায় পাঁচ দিন অবস্থান শেষে গত মে মাসে তিয়াংগং স্টেশনে যুক্ত হওয়া শেনঝৌ-২৩ মহাকাশযানে চড়ে তিনি পৃথিবীতে ফিরবেন।
তবে মহাকাশ ভ্রমণকারী প্রথম পাকিস্তানি নাগরিক তিনি নন। এর আগে ২০২৩ সালের অক্টোবরে ভার্জিন গ্যালাকটিকের গ্যালাকটিক-০৪ মিশনের মাধ্যমে মহাকাশে গিয়েছিলেন মোনাকোভিত্তিক মেরু অভিযাত্রী নামিরা সেলিম।
সাম্প্রতিক বছরগুলোতে মহাকাশ গবেষণা ও অভিযানে বিশাল অঙ্কের অর্থ বিনিয়োগ করছে বেইজিং। এর মূল লক্ষ্য এ খাতে প্রধান প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকা ব্যবধান কমিয়ে আনা। অন্যদিকে চীনের সঙ্গে পাকিস্তানের গভীর কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক থাকায় মহাকাশ কার্যক্রমে ইসলামাবাদ স্বাভাবিকভাবেই বেইজিংয়ের অংশীদার হয়ে উঠেছে।
বর্তমানে ৪০ বছর বয়সী ঝু ইয়াংঝুর নেতৃত্বে তিয়াংগং মহাকাশ স্টেশনে দায়িত্ব পালন করছেন হংকংয়ের প্রথম নভোচারী ও স্টেশনের একমাত্র নারী সদস্য লাই কাইইং এবং ৪০ বছর বয়সী ঝাং ঝিইউয়ান। নতুন নভোচারীদের দলটি স্টেশনে পৌঁছানোর পর লাই ও ঝাংয়ের সঙ্গে পৃথিবীতে ফিরবেন জিশান আলী।
স্টেশনে থেকে যাবেন ঝু ইয়াংঝু। এর মধ্য দিয়ে চীনের ইতিহাসে প্রথমবারের মতো একটানা এক বছর মহাকাশে কাটানোর মাইলফলক স্পর্শের চেষ্টা করবেন তিনি, যা ভবিষ্যতে চাঁদ ও আরও দূরবর্তী মহাকাশ অভিযানের প্রস্তুতিমূলক গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে। পরবর্তী ছয় মাসের জন্য তাঁর সঙ্গে স্টেশনে যোগ দেবেন ৫১ বছর বয়সী অভিজ্ঞ নভোচারী তাং হংবো এবং ত্রিশের কোঠার শেষ বয়সী উ ই, যিনি প্রথমবারের মতো মহাকাশে যাচ্ছেন।
সিএমএসএর মুখপাত্র ঝাং জিংবো জানান, নভোচারীদের বহনকারী লং মার্চ-২এফ রকেটে শিগগিরই জ্বালানি ভরা হবে। বর্তমানে সব নভোচারী সুস্থ আছেন, মহাকাশ স্টেশনও স্বাভাবিক গতিতে সচল রয়েছে এবং সফল মিশন পরিচালনার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সূত্র: এএফপি