সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ভারতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন দিল্লির অধিনায়ক প্রিয়াংশ আর্য। আজ মঙ্গলবার বি গ্রুপের ষষ্ঠ ম্যাচে তামিলনাড়ুর বিপক্ষে তিনি ৬৮ বলে ১৮১ রান করেন। এর মধ্য দিয়ে সর্বোচ্চ টি-টোয়েন্টি রান করা ভারতীয় ব্যাটারের তালিকায় শীর্ষে উঠে এসেছেন তিনি।
গত আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে পাঞ্জাব কিংসের লোকেশ রাহুলের করা অপরাজিত ১৫২ রান এত দিন ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ছিল। প্রিয়াংশের ইনিংসে তা পেছনে পড়ে গেল।
প্রিয়াংশ ইনিংসে সাতটি চারের পাশাপাশি ১৯টি ছক্কা মারেন। টি-টোয়েন্টি ইনিংসে যৌথভাবে সর্বোচ্চ ছক্কার রেকর্ডে তিনি নিউজিল্যান্ডের ফিন অ্যালেনের পাশে বসেছেন। অ্যালেন মেজর লিগ ক্রিকেটে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে ৫১ বলে ১৫১ রানের ইনিংস খেলার পথে ওই রেকর্ড গড়েছিলেন।
ইনিংসের শুরু থেকেই বিধ্বংসী ছিলেন প্রিয়াংশ। মাত্র ১৮ বলে ফিফটি করার পর দশম ওভারে ৩৬তম বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। দেড়শ রানে পৌঁছান ৬০ বলে। ১৯তম ওভারে মানিমারান সিদ্ধার্থ তাঁর ইনিংসের ইতি টানেন।
এই ইনিংসের মধ্য দিয়ে ক্রিস গেইলের রেকর্ড দুই মাসের মধ্যে দ্বিতীয়বার ভাঙল। গত মাসে সিএসএ প্রো টোয়েন্টি কাপে নাইটসের বিপক্ষে টাইটান্সের লুয়ান দ্রে প্রিটোরিয়াস অপরাজিত ১৮৮ রান করে গেইলের ১৭৫ রানের রেকর্ড টপকে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্ব রেকর্ড গড়েন। প্রিয়াংশ প্রিটোরিয়াসের চেয়ে মাত্র ৮ রান পিছিয়ে থেমেছেন।