সিনেমায় তাঁর অভিনীত চরিত্রটির মৃত্যু হওয়ার কথা ছিল। বাকি ছিল সেই দৃশ্যের শুটিংও। কিন্তু পর্দায় নিজের চরিত্রের মৃত্যুর দৃশ্য ধারণের আগেই বাস্তবের মঞ্চ থেকে বিদায় নিলেন অভিনেতা সোহেল খান। ‘নসীব’ সিনেমায় তাঁর আরও তিন-চারটি দৃশ্যের শুটিং বাকি ছিল। সেগুলোর কাজ শেষ করে দুই-তিন দিনের মধ্যে ঢাকায় ফেরার কথা ছিল তাঁর।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে গিয়ে মারা যান ৬৬ বছর বয়সী এই অভিনেতা। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
পরিচালক মোহাম্মদ ইকবাল জানান, আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত ‘নসীব’ সিনেমার শেষ পর্যায়ের শুটিং চলছিল বগুড়ায়। বলিউড অভিনেতা মুকেশ ঋষি ও বাপ্পারাজের সঙ্গে এরই মধ্যে বেশ কয়েকটি দৃশ্যের শুটিং করেছিলেন সোহেল। মঙ্গলবারও তাঁর শুটিংয়ের সূচি ছিল। সহকর্মীদের সঙ্গে সকালে নাশতাও করেছিলেন তিনি।
নাশতার পর নিজের কক্ষে ফেরেন
পরিচালক জানান, সকালে নাশতা শেষে মেকআপ নেওয়ার জন্য বগুড়ার মম ইন হোটেলে নিজের কক্ষে যান সোহেল খান। পরে শুটিংয়ের জন্য ডাকতে গিয়ে সহকারী পরিচালক রাজু তাঁকে কক্ষে পড়ে থাকতে দেখেন। তাঁর ডাকে পাশের কক্ষ থেকে ছুটে আসেন সহকর্মীরা।
অভিনেতা এল আর খান সীমান্ত জানান, কক্ষে গিয়ে তাঁরা সোহেল খানের নাড়ির স্পন্দন পাচ্ছিলেন না। তিনি ও মেকআপশিল্পী বাবু দ্রুত সিপিআর দেন। পরে গাড়ির ব্যবস্থা করে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের মৃত্যুসনদে মৃত্যুর কারণ হিসেবে কার্ডিয়াক অ্যারেস্ট উল্লেখ করা হয়েছে।
নিজের চরিত্রের পরিণতি নিয়ে করেছিলেন মজা
‘নসীব’ সিনেমায় মুকেশ ঋষি, বাপ্পারাজ, সোহেল খান ও মুকিত জাকারিয়া চারটি খলচরিত্রে অভিনয় করেছেন। পরিচালক জানিয়েছেন, গল্পে একে একে চারটি চরিত্রেরই মৃত্যু হয়।
গত শুক্রবার রাতে মম ইন হোটেলের লবিতে প্রথম আলোর সঙ্গে আড্ডায় সিনেমাটি নিয়ে কথা বলেছিলেন সোহেল। বলিউড থেকে মুকেশ ঋষির আসা, বাপ্পারাজ ও মুকিত জাকারিয়ার সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং নিজের চরিত্রের পরিণতি নিয়েও কথা হয় তাঁর। একপর্যায়ে মজা করে বলেছিলেন, ‘একে একে সব ভিলেন মারা যাবে।’
ঈদে সিনেমাটি মুক্তি পেলে দর্শক উপভোগ করবেন বলেও আশা প্রকাশ করেছিলেন তিনি।
‘নসীব’-এর আগে মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক ‘ফ্যামিলি ক্রাইসিস’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন সোহেল খান ও মুকিত জাকারিয়া। তাঁদের পরিচয় ও বন্ধুত্ব ১৪ বছরের বেশি সময়ের। বগুড়ায় শুটিং করতে এসে একই হোটেলে পাশাপাশি কক্ষে ছিলেন তাঁরা। শুটিং শেষে একসঙ্গে ঢাকায় ফেরার পরিকল্পনাও ছিল। সোহেলের মৃত্যুর পর মুকিত বলেন, ‘একসঙ্গে এসেছিলাম। একসঙ্গে ঢাকায় ফেরার কথা ছিল।’
বন্ধ রাখা হয় শুটিং
সোহেল খানের মৃত্যুর পর মঙ্গলবারের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রযোজনা প্রতিষ্ঠান। প্রযোজক আরশাদ আদনান জানান, আকস্মিক এ ঘটনায় পুরো শুটিং ইউনিটের পরিস্থিতি এলোমেলো হয়ে গেছে। কারও মানসিক অবস্থা ভালো নেই। সবকিছু বিবেচনা করে দিনের শুটিং বন্ধ রাখা হয়েছে।
বগুড়ায় প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সোহেল খানের মরদেহ ঢাকার ধামরাইয়ে নেওয়া হয়েছে। ‘নসীব’ সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও শাহরিয়ার নাজিম জয়। আগামী ঈদুল ফিতরে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পরিচালক মোহাম্মদ ইকবাল।