প্রিমিয়ার লিগে আর্থিক নিয়ম লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় ম্যানচেস্টার সিটি শিরোপা হারানো ও আর্থিক জরিমানার শঙ্কায় আছে। ক্লাবটি আপাতত তাদের আপিলের রায়ের অপেক্ষায়। সিটির এই অবস্থা দেখে ব্যথিত হয়েছেন সাবেক তারকা কেভিন ডি ব্রুইনা। যে ইতিহাদ স্টেডিয়ামে ট্রফিসমৃদ্ধ এক দশক কাটিয়েছেন, সেখানে ফেরার আগে তিনি জানিয়েছেন, ক্লাবটির প্রতি তাঁর অনুভূতি কখনো বদলাবে না।
২০২৩ সালে ট্রেবলসহ সিটিতে মোট ১৬টি ট্রফি জিতেছেন ডি ব্রুইনা। ২০২৫ সালে ফ্রি ট্রান্সফারে তিনি সিরি আ ক্লাব নাপোলিতে যোগ দেন। সেই নাপোলির জার্সিতেই মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে ইংলিশ জায়ান্টদের মুখোমুখি হবেন বেলজিয়ান এই তারকা।
শাস্তির কারণে সিটি ঘরোয়া শিরোপাগুলো হারালেও ক্লাবের প্রতি তাঁর ভালোবাসা একই থাকবে বলে জানান ডি ব্রুইনা। তিনি বলেন, একজন ফুটবলার হিসেবে যা করেছেন, তার জন্য গর্বিত। তাঁর ভাষ্য, ম্যানচেস্টার সিটি তাঁর ক্লাব এবং তিনি মালিকদের ভালোবাসেন। একটি ক্লাব কীভাবে কিনতে হয়, সে বিষয়ে চেয়ারম্যান খালদুন আল মুবারাকের সঙ্গে কথা বলেছেন বলেও জানান তিনি। সিটির প্রতি শুধু ভালোবাসাই আছে এবং তা কখনো বদলাবে না বলে উল্লেখ করেন ডি ব্রুইনা। ১০ বছর ধরে ক্লাবটি তাঁকে ও তাঁর পরিবারকে দেখভাল করেছে বলে কৃতজ্ঞতাও জানান তিনি।
নিয়মকানুন প্রসঙ্গে ডি ব্রুইনা বলেন, জীবনে নিয়ম আছে এবং সবাই সীমার মধ্যে খেলে। তিনি নিজে সাদা দাগের মধ্যে খেলেছেন, অন্য খেলোয়াড়দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং দল ও সতীর্থদের সঙ্গে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন, যা তাঁর কাছে মূল্যবান। তিনি আরও বলেন, নিজের সর্বস্ব দিয়েছিলেন এবং এই ধারণা বদলাবে না। তাঁর মনে হয় না, একজন খেলোয়াড় হিসেবে তাঁকে ও তাঁর দলের খেলাকে মানুষ কীভাবে দেখে, সেই দৃষ্টিভঙ্গি অনেকের ক্ষেত্রে বদলাবে।
সিটির বিরুদ্ধে অভিযোগ ওঠায় অনেকের মনে অস্বস্তি তৈরি হওয়া স্বাভাবিক বলে মনে করেন ডি ব্রুইনা। তবে তিনি সেই দলে নেই। তাঁর মতে, সবারই নিজস্ব মতামত আছে। অন্যেরা কিছুটা লজ্জিত হতে পারেন, কিন্তু এ বিষয়ে তিনি কিছুই বদলাতে পারবেন না।
চারশর বেশি ম্যাচ খেলে ১০৮ গোল করা ডি ব্রুইনা প্রতিপক্ষ দলে থাকলেও ইতিহাদের দর্শকেরা তাঁকে অভিবাদন জানানোর প্রস্তুতি নিচ্ছেন। ২০২৫ সালের মে মাসে ক্লাবের শেষ হোম ম্যাচ খেলার পর তাঁকে সম্মান জানাতে স্টেডিয়ামের বাইরে একটি ভাস্কর্য বানানোর ঘোষণা দেওয়া হয়েছিল।