বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিংয়ে গিয়ে অসুস্থ হয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু; পাশের কক্ষে থাকা ১৪ বছরের বন্ধু মুকিত জাকারিয়ার অবিশ্বাস আর কান্না
‘তোমারে আমি ঘুমাইতে দিমু না’—কথাটা অভিনয়শিল্পী বন্ধু মুকিত জাকারিয়াকে বলেছিলেন অভিনেতা সোহেল খান। ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় যাওয়ার পর পাশাপাশি দুটি কক্ষে থাকছিলেন তারা। শুটিংয়ের ব্যস্ততা শেষে রাতভর চলত আড্ডা, হাসি-ঠাট্টা আর গল্পের আসর। বন্ধুকে ঘুমাতে না দেয়ার মজার ছলও করেছিলেন সোহেল। অথচ কে জানত, একদিন সেই বন্ধুকেই দেখতে হবে চিরবিদায়ের মুহূর্ত! একসঙ্গেই গিয়েছিলেন বগুড়ায়। কথা ছিল, শুটিং শেষ করে দুজন একসঙ্গেই ঢাকায় ফিরবেন। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে সেই ফেরা আর হয়ে ওঠেনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়ার টিএমএসএস হাসপাতালে সোহেল খান মারা যান।
১৮ নভেম্বর ‘নসীব’ সিনেমার শুটিংয়ে যোগ দিতে ঢাকা থেকে মাইক্রোবাসে বগুড়ার পথে রওনা হন সোহেল খান, মুকিত জাকারিয়া, কাবেরী ও এল আর খান সীমান্ত। পুরো পথজুড়েই চলছিল হাসি-আড্ডা আর গল্প। গল্পের ছলে কখন যে ঢাকার সীমানা পেরিয়ে তারা বগুড়ার মমো ইন হোটেলে পৌঁছে যান, বুঝতেই পারেননি কেউ। সেখানে সোহেল ও মুকিত পাশাপাশি দুটি কক্ষ নেন—সোহেলের কক্ষ নম্বর ৬১০৮, আর মুকিতের ৬১০৭। শুটিংয়ের ব্যস্ততার মাঝেও একসঙ্গে কাটছিল তাদের আনন্দঘন সময়।
সোহেল খান ও মুকিত জাকারিয়ার পরিচয় দীর্ঘ ১৪ বছরেরও বেশি সময়ের। এই দীর্ঘ পথচলায় নাটক, চলচ্চিত্র ও বিজ্ঞাপনচিত্রসহ নানা মাধ্যমে একসঙ্গে কাজ করেছেন তারা। সময়ের সঙ্গে তাদের সম্পর্ক গড়িয়েছে গভীর বন্ধুত্বে। তাই বগুড়ায় শুটিংয়ে গিয়ে পাশাপাশি দুটি কক্ষে থাকার বিষয়টি তাদের কাছে ছিল বাড়তি আনন্দের। কাজের ব্যস্ততা শেষে রাত গভীর হওয়া পর্যন্ত চলত দুজনের আড্ডা ও গল্প।
তবে গত কয়েক দিন ধরে সোহেলের শারীরিক অবস্থায় কিছুটা অস্বাভাবিকতা লক্ষ করেছিলেন মুকিত। বন্ধুর কাশি হচ্ছিল, এমনকি বুকে ব্যথার কথাও তাকে জানিয়েছিলেন। কিন্তু অসুস্থতা ও শারীরিক অস্বস্তি সত্ত্বেও সোহেলের সিগারেট খাওয়ার অভ্যাসে কোনো বিরতি ছিল না।
মুকিত জাকারিয়া বলেন, ‘আমি ওর শারীরিক অবস্থার কথা জিজ্ঞাসা করলেই বলত, ডাক্তার দেখাইতে ইচ্ছা করে না। কী কারণে যেন ডাক্তার নিয়ে একটা অভিমান কাজ করছিল। আমি বলেছিলাম, ঠিক আছে, আমি হারবাল চিকিৎসা নিই, তোমাকেও ঢাকায় যাওয়ার পর এটা করাব। তখন সে বলেছিল, ঠিক আছে।’
বন্ধুর সঙ্গে বলা শেষ কথাগুলোর একটি এখন বারবার স্মৃতিতে ফিরে আসছে মুকিতের। সেই কথোপকথনই যেন আজ তার মনে আরও গভীরভাবে দাগ কেটে আছে।
তিনি বলেন, ‘গতকাল সকালে আমরা একসঙ্গে নাশতার টেবিলে ছিলাম। মুকেশ ঋষিও সঙ্গে ছিলেন। আমি মুকেশের পাশে বসেছিলাম। তখন সোহেল ভাই বলল, “আমাকে মুকেশের পাশে বসতে দাও।” এরপর মুকেশকে বলল, “আমাকে একটু জড়াইয়ে ধরো।” কথাগুলো কানে খুব বাজছে। আজ তো সোহেলের কথা শুনে মুকেশ হাসপাতালে ছুটে গেছে। সে বিশ্বাসই করতে পারছে না। আমারও বিশ্বাস হচ্ছে না, তোমারে ঘুমাইতে দিমু না বইলা বন্ধু আমার আজীবনের জন্য ঘুমাইয়ে গেল।’
কথাটি স্মরণ করতে গিয়েই আবেগ ধরে রাখতে পারেননি মুকিত। একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। তিনি বলেন, ‘কষ্ট হচ্ছে। খুব কষ্ট।’ কিছুক্ষণ থেমে আবার বলেন, ‘একসঙ্গে এসেছিলাম। একসঙ্গে ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু আজ সে চলে যাচ্ছে। ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে। আমরাও চলে যাব কাল। এই মৃত্যু মেনে নেওয়ার মতো নয়। অবিশ্বাস্য। মুহূর্তেই যেন সবকিছু ওলট–পালট করে দিয়ে গেল। কীভাবে সেই গাড়িতে ঢাকায় ফিরব, ভেবেই অস্থির লাগছে।’
মঙ্গলবার সকালে হোটেলের নিচতলার ক্যানটিনে নাশতা সেরে নিজ নিজ কক্ষে ফিরে যান সোহেল খান ও মুকিত জাকারিয়া। এরপর শুরু হয় শুটিংয়ের প্রস্তুতি। মেকআপ নিয়ে তৈরি হচ্ছিলেন মুকিত। একই সময়ে মেকআপ চলছিল এল আর খান সীমান্তেরও। এরই মধ্যে সহকারী পরিচালক রাজু শুটিংয়ের জন্য সোহেলকে ডাকতে তার কক্ষে যান। কিন্তু সেখানে গিয়ে বিছানায় তাকে অস্বাভাবিক অবস্থায় পড়ে থাকতে দেখেন। এমন দৃশ্য দেখে মুহূর্তেই আতঙ্কিত হয়ে চিৎকার করে ওঠেন রাজু। তার চিৎকার শুনে পাশের কক্ষ থেকে দ্রুত ছুটে আসেন অন্যরা।
এল আর খান সীমান্তের ভাষ্য অনুযায়ী, সোহেল খানের কক্ষে ছুটে গিয়ে তারা দেখেন, তিনি বিছানায় শুয়ে আছেন, কিন্তু শরীরে কোনো পালস পাওয়া যাচ্ছে না। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে এক মুহূর্ত দেরি না করে তাকে বাঁচানোর জন্য দ্রুত চেষ্টা শুরু করেন তারা।
সীমান্ত বলেন, ‘আমি আর মেকআপ আর্টিস্ট বাবু তাৎক্ষণিকভাবে সিপিআর শুরু করি। সিপিআর দেওয়ার এক পর্যায়ে সোহেল ভাই একটা নিশ্বাস নিয়ে চোখ খোলেন এবং চারদিকে তাকান। এতে আমরা ভেবেছিলাম, হয়তো তিনি ঠিক হয়ে যাবেন। দ্রুত গাড়ি ডেকে তাকে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু দুর্ভাগ্যবশত হাসপাতালে যাওয়ার পথেই সোহেল ভাই আমাদের ছেড়ে চলে যান।’
বগুড়ার মমো ইন হোটেলের পাশাপাশি দুটি কক্ষে থাকা বন্ধু ও সহকর্মীদের সামনে মুহূর্তেই বদলে যায় সবকিছু। যে মানুষটি কয়েক রাত আগেও হাসি-গল্প আর আড্ডায় মাতিয়ে রেখেছিলেন চারপাশ, সেই সোহেল খান আর কখনো তাদের মাঝে ফিরে আসবেন না—এ কঠিন বাস্তবতা যেন মেনে নিতে পারছেন না কেউই। পরিচিত সেই মানুষটির এমন আকস্মিক বিদায়ে শোক আর অবিশ্বাসে স্তব্ধ হয়ে পড়েছেন সবাই।