গ্রামের পর এবার ঢাকায়ও লোডশেডিং, বাড়ছে নাগরিক ভোগান্তি

দেশের গ্রামাঞ্চলের পর এবার রাজধানী ঢাকাতেও তীব্র হয়েছে লোডশেডিং। বুধবার (১২ আগস্ট) রাত থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

দীর্ঘ কর্মদিবস শেষে বাসায় ফিরেও বিদ্যুৎ না পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই। বিভিন্ন এলাকার বাসিন্দারা টানা বিদ্যুৎ বিভ্রাটের কথা জানিয়ে নিজেদের দুর্ভোগের কথা তুলে ধরছেন।

সাম্প্রতিক সময়ে সারা দেশে বিদ্যুৎ সংকটও তীব্র হয়েছে। বিদ্যুৎ উৎপাদনে গ্যাস ও কয়লার সংকটের পাশাপাশি ভারতের আদানি বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ কমে যাওয়ায় পরিস্থিতি আরও নাজুক হয়েছে।

বিদ্যুৎ খাতসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ৯ আগস্ট দেশের বিদ্যুৎ ঘাটতি একপর্যায়ে প্রায় ৩ হাজার ৬৭১ মেগাওয়াটে পৌঁছায়। পরদিনও জাতীয় পর্যায়ে বড় ধরনের ঘাটতি অব্যাহত ছিল। জ্বালানি সংকটের কারণে সক্ষমতা থাকা সত্ত্বেও অনেক বিদ্যুৎকেন্দ্র পূর্ণমাত্রায় উৎপাদন করতে পারছে না।

বিশেষ করে গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমেছে। পাশাপাশি কয়লা সংকট ও বিভিন্ন কারিগরি সমস্যার কারণেও কয়েকটি কেন্দ্র থেকে প্রত্যাশিত উৎপাদন পাওয়া যাচ্ছে না। ফলে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বিভিন্ন এলাকায় লোডশেডিং করতে হচ্ছে।

এদিকে রাজধানীতে লোডশেডিং তুলনামূলক কম থাকার কথা থাকলেও বুধবার রাত থেকে বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার অভিযোগ পাওয়া যাচ্ছে। এতে গরমের মধ্যে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু, বয়স্ক ও কর্মজীবী মানুষ।

বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই পরিস্থিতি পুরোপুরি কাটিয়ে ওঠা কঠিন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *