ট্রাম্পকে ‘ভুয়া গোয়েন্দা তথ্য’ থেকে সতর্ক করল ইরান

হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবির কড়া জবাব দিয়েছে ইরান। একই সঙ্গে ট্রাম্পকে ‘ভুয়া গোয়েন্দা তথ্য’ থেকে সতর্ক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র অতীতে ইরান নিয়ে ভুল হিসাব করেছে। এখন হরমুজ প্রণালি নিয়েও আরও বড় ধরনের ভুল হিসাবের ঝুঁকি রয়েছে।

ব্যঙ্গ করে তিনি বলেন, ‘ভুয়া খবরের চেয়েও ভয়ংকর হলো ভুয়া গোয়েন্দা তথ্য। সতর্ক থাকুন।’ পোস্টের শেষে আল্লাহর ওপর আস্থা রাখার কথাও জানান তিনি।

এর আগে বুধবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দাবি করেন, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং তারা সেটি ধরে রাখবে।

ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করে ইরান জানায়, হরমুজ প্রণালির পরিস্থিতি এখনো তেহরানের শর্তের সঙ্গে যুক্ত। একই দিনে ইরানের বাসিজ বাহিনীর প্রধান হোসেইন তাইয়েবও দাবি করেন, প্রণালিটি ইরানের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় রয়েছে।

এ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *