গভীর রাতে পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নারীসহ পুলিশ হেফাজতে

শেরপুরে জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. রুস্তম আলীকে এক নারীসহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে শহরের নবীনগর এলাকার পাসপোর্ট অফিস ভবনের তৃতীয় তলার আবাসিক কক্ষ থেকে তাদের নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে ওই নারীকে পাসপোর্ট অফিসের আবাসিক অংশে প্রবেশ করতে দেখা যায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুস্তম আলী ও ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী নিজেকে রুস্তম আলীর দূরসম্পর্কের শালী হিসেবে পরিচয় দিয়েছেন। তার বাড়ি কুষ্টিয়ার মিরপুর এলাকায়। তবে গভীর রাতে একই আবাসিক কক্ষে অবস্থানের বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।

এদিকে, পাসপোর্ট অফিসের আবাসিক ভবনের একটি টেবিলে খালি মদের বোতল পাওয়া গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। সেখানে মদ্যপানের অভিযোগও উঠেছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

রুস্তম আলীর দাবি, ওই নারীকে অফিসের ভেতরে প্রবেশ করানোর পর কয়েকজন ব্যক্তি তাকে ‘দুই নম্বর’ বলে পাঁচ লাখ টাকা দাবি করেন।

শেরপুর সদর থানার ওসি মো. সোহেল রানা বলেন, সরকারি পাসপোর্ট কার্যালয়ের আবাসিক ভবনে গভীর রাতে দুজনের অবস্থানের বিষয়টি জানার পর নিরাপত্তার স্বার্থে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *