ঝাড়খণ্ডের শিক্ষার্থীদের পাশে না দাঁড়ানোয় বলিউডকে কঙ্গনার তীব্র কটাক্ষ

ঝাড়খণ্ডে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নির্যাতনের অভিযোগ উঠলেও বলিউডের তারকারা নীরব—এমন অভিযোগ তুলে চলচ্চিত্র অঙ্গনের তারকাদের তীব্র সমালোচনা করেছেন অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাউত।

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা অভিযোগ করেন, বলিউডের একাংশ সুবিধাবাদী ও ভণ্ডামিতে ভরা। তার দাবি, যন্তর মন্তরের আন্দোলনের সময় যারা সোচ্চার হয়েছিলেন, ঝাড়খণ্ডের আন্দোলনরত শিক্ষার্থীদের ক্ষেত্রে তাদের কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না।

কঙ্গনা বলেন, চলচ্চিত্রশিল্পের এই ভণ্ডামি আর সহ্য করা হবে না। যন্তর মন্তরের আন্দোলন নিয়ে যারা সহানুভূতি দেখিয়েছিলেন, ঝাড়খণ্ডের শিক্ষার্থীদের ওপর নির্যাতনের সময় তাদের সেই অবস্থান কোথায়—এ প্রশ্নও তোলেন তিনি।

তিনি আরও প্রশ্ন করেন, ঝাড়খণ্ডের আন্দোলনরত তরুণরা কি নতুন প্রজন্ম বা জেন-জির অংশ নন? তারাও কি কষ্ট পাচ্ছেন না?

বলিউড তারকাদের দ্বিচারিতার অভিযোগ তুলে কঙ্গনা তার নিজের অভিজ্ঞতার কথাও স্মরণ করেন। তার দাবি, সংসদে হামলার সময় তার পরিচিত কয়েকজন সংসদ সদস্যের গাড়িতে হামলা হয়েছিল। এমনকি তার বাসভবনের সামনেও বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়েছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করতে হয়েছিল।

কঙ্গনার অভিযোগ, ওই সময় বলিউডের একাংশ ব্যাপক প্রতিক্রিয়া দেখালেও বর্তমানে ঝাড়খণ্ডের শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে তারা নীরব রয়েছেন।

এর আগে ‘কাকরোচ জনতা পার্টি’র আন্দোলনে অংশ নেওয়া তরুণদের ‘জেনারেশন গটার’ বা ‘নর্দমার প্রজন্ম’ বলে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন কঙ্গনা।

সেই মন্তব্যের ব্যাখ্যায় তিনি বলেন, তিনি পুরো তরুণ সমাজকে ‘নর্দমার প্রজন্ম’ বলেননি। তার দাবি, নির্দিষ্ট কিছু ব্যক্তি ও নারীর প্রসঙ্গেই তিনি ওই মন্তব্য করেছিলেন।

কঙ্গনা বলেন, কেউ তাকে নর্দমার বাসিন্দা বললে তিনি প্রতিবাদ করবেন, কারণ তিনি নিজেকে তেলাপোকা মনে করেন না। যারা নিজেদের তেলাপোকা হিসেবে উপস্থাপন করে, তাদের নিয়েই তিনি ওই মন্তব্য করেছিলেন বলে দাবি করেন।

কঙ্গনার এসব মন্তব্যকে ঘিরে ভারতের রাজনৈতিক ও বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *