আদালতে সাতক্ষীরার তিন ‘নজরুল’, একজনের জামিন দুজন কারাগারে

সাতক্ষীরায় একই দিনে আদালতের মুখোমুখি হয়েছেন আলোচিত তিন ‘নজরুল ইসলাম’। সোমবার (১০ আগস্ট) পৃথক মামলায় আদালতে হাজির হওয়া তিনজনের মধ্যে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। অন্য দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতে যাওয়া তিনজন হলেন—সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম এবং শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম।

গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় করা মামলায় গ্রেপ্তারের আশঙ্কায় তিনি উচ্চ আদালতে আগাম জামিন আবেদন করেন। শুনানি শেষে হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেন।

অন্যদিকে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে সাতক্ষীরা সদর থানায় করা একাধিক হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এসব মামলায় পরবর্তী শুনানির তারিখ ২৯ অক্টোবর ধার্য করা হয়েছে।

এ ছাড়া ছয় সপ্তাহের জামিনের মেয়াদ শেষ হওয়ায় হাজী নজরুল ইসলাম ও তার সহযোগী বিশ্বজিৎ মণ্ডল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নির্মাণ প্রকল্পে চাঁদাবাজি, হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

একই দিনে একই নামের তিন আলোচিত ব্যক্তির আদালতে উপস্থিতির ঘটনা সাতক্ষীরাজুড়ে ব্যাপক আলোচনা তৈরি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *