রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পাওয়ার পর দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মহাসচিবের দায়িত্বে ছিলেন।
বৃহস্পতিবার দুপুরে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় মির্জা ফখরুল দলটির স্থায়ী কমিটি ও মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন।
এর আগে বিএনপির স্থায়ী কমিটির সভায় দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে দলের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। প্রার্থী ঘোষণার পরই তিনি দলীয় পদ থেকে সরে দাঁড়ান।
২০১১ সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব নেওয়া মির্জা ফখরুল ২০১৬ সালে দলের জাতীয় কাউন্সিলে মহাসচিব নির্বাচিত হন। দীর্ঘ সময় ধরে তিনি বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্ব পান তিনি।












