‘আমার জীবনে প্রেমিকা একজনই, তাঁর সঙ্গেই আমার জীবন বেঁধেছি’—নিজের প্রেমের গল্প নিয়ে এভাবেই কথা বলেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। রোমান্টিক গান গেয়ে শ্রোতাদের মনে জায়গা করে নেওয়া এই গায়ক বাস্তব জীবনের প্রেম নিয়ে কথা বলতে গিয়ে অবশ্য রহস্যও রেখেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেমিক ইমরান কেমন—এমন প্রশ্নের মুখোমুখি হন তিনি। প্রশ্ন শুনে হেসে ওঠেন এই শিল্পী। বলেন, ‘প্রেমিক ইমরান কেমন, সেটা আমি বলতে পারব না। প্রেমিকারা বলতে পারবে।’ এরপর হাসতে হাসতে যোগ করেন, ‘আমার জীবনে প্রেমিকা একজনই, তাঁর সঙ্গেই আমার জীবন বেঁধেছি। তাঁকে হয়তো পরবর্তী কোনো সাক্ষাৎকারে জিজ্ঞেস করে নিতে হবে। তখন উত্তর পেলে বলতে পারব।’
এদিকে প্রায় তিন মাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন ইমরান। ৮৫ দিনের এই সফরে ১৭টি স্টেজ শো করেছেন তিনি। নিজের ১৮ বছরের পেশাদার সংগীতজীবনে এটিই তাঁর দীর্ঘতম সংগীতসফর। এর আগে ২০২৩ সালে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ১০টি শো করেছিলেন এই শিল্পী।
দেশে ফিরেই প্রকাশ করেছেন নতুন গান ‘সখী মন বুঝলা না’। লোকগানের সঙ্গে ইলেকট্রনিক সংগীতের মিশেলে তৈরি গানটি প্রকাশের ১০ দিনের মাথায় ইউটিউবে প্রায় ৪০ লাখ ভিউ পেয়েছে। গানটি নিয়ে ইমরান বলেন, তরুণ প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছানোর লক্ষ্যেই একটু ভিন্ন ধরনের সংগীতায়োজন করেছেন তাঁরা। বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছ থেকেও ভালো সাড়া পাচ্ছেন।
যুক্তরাষ্ট্র সফরে নতুন প্রজন্মের বাংলা গানের প্রতি আগ্রহ দেখে অনুপ্রাণিত হয়েছেন ইমরান। তাঁর ভাষ্য, পুরোনো শ্রোতাদের পাশাপাশি অনেক তরুণ ও শিশুকেও অনুষ্ঠানে দেখেছেন। এ অভিজ্ঞতা থেকে নতুন প্রজন্মের জন্য আরও গান তৈরির পরিকল্পনা করেছেন তিনি।
ইমরান জানান, তরুণ শ্রোতাদের লক্ষ্য করে আরও তিন-চারটি গ্রুভি ধরনের গান তৈরির কাজ চলছে। পাশাপাশি সিনেমা, অডিও ও নাটকের জন্যও প্রায় অর্ধডজন গানের কাজ করছেন তিনি।
১৮ বছরের সংগীতজীবনে অনেক অর্জন এলেও নিজেকে এখনো নতুন করে আবিষ্কারের চেষ্টা করছেন ইমরান। আন্তর্জাতিক শিল্পীদের সঙ্গে কাজ করার ইচ্ছাও রয়েছে তাঁর। বিশেষ করে ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের সঙ্গে গান করার স্বপ্ন দেখেন তিনি। অরিজিৎকে নিজের অনুপ্রেরণা উল্লেখ করে ইমরান বলেন, তাঁর গান শুনলে মানসিকভাবে ভালো লাগে।
সংগীতের ব্যস্ততা আর নতুন পরিকল্পনার পাশাপাশি ব্যক্তিগত প্রেমের গল্প নিয়েও এবার কিছুটা আভাস দিলেন ইমরান। তবে সেই গল্পের বিস্তারিত জানতে ভক্তদের অপেক্ষা করতে হবে তাঁর পরবর্তী সাক্ষাৎকার পর্যন্ত।