একই রকম নাম, দুই সিনেমা—আর তা নিয়েই হলিউডের দুই বড় প্রযোজনা প্রতিষ্ঠানের মধ্যে বিরোধ। ইউনিভার্সাল পিকচার্স ও ওয়ার্নার ব্রাদার্সের মধ্যে এই দ্বন্দ্বের কেন্দ্রে রয়েছে ‘নটি’ (Naughty) ও ‘নাস্টি’ (Nasty) নামের দুটি সিনেমা। নামের মিল দর্শকদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে—এমন আশঙ্কা থেকেই শুরু হয়েছে এই বিরোধ।
বিনোদনবিষয়ক সাময়িকী ভ্যারাইটির ২৫ নভেম্বরের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুই প্রতিষ্ঠানের মধ্যে আলোচনায় এখনো সমাধান আসেনি। বিষয়টি শেষ পর্যন্ত মোশন পিকচার অ্যাসোসিয়েশনের (এমপিএ) শিরোনাম নিবন্ধন বিভাগে সালিসের জন্য যেতে পারে।
Persook
দুই সিনেমার গল্প ও ধরন অবশ্য সম্পূর্ণ আলাদা। অলিভিয়া ওয়াইল্ড পরিচালিত ‘নটি’ একটি বড়দিনের কমেডি সিনেমা। এতে অভিনয় করছেন জেনিফার অ্যানিস্টন ও পিটার ডিংকলেজ। সিনেমার গল্পে দেখা যাবে, এক মা তাঁর বিবাহবিচ্ছেদের শুনানিতে সান্তা ক্লজকে সাক্ষী হিসেবে হাজির করতে চান।
অন্যদিকে মেরি ব্রনস্টেইন পরিচালিত ‘নাস্টি’ একটি মনস্তাত্ত্বিক ড্রামা। এতে অভিনয় করছেন জেনা ওর্তেগা। সিনেমায় একজন প্রতিভাবান জিমন্যাস্টের গল্প তুলে ধরা হয়েছে, যিনি অলিম্পিক দলে জায়গা পাওয়ার জন্য লড়াই করছেন। একই সঙ্গে তাঁকে সামলাতে হচ্ছে তাঁর নিয়ন্ত্রণপ্রবণ ও কৌশলী কোচকে।
ইউনিভার্সালের দাবি, ২০২৩ সালে মোশন পিকচার অ্যাসোসিয়েশনে ‘নটি’ নামটি নিবন্ধন করেছে তারা। এ ছাড়া সিনেমাটির মুক্তির তারিখও নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ৫ নভেম্বর। অন্যদিকে ওয়ার্নার ব্রাদার্সের নতুন স্বতন্ত্র চলচ্চিত্র লেবেল ক্লকওয়ার্কের অধীনে নির্মিত ‘নাস্টি’র মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে সূত্রের খবর, ২০২৭ সালের নভেম্বরেই সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।
এই বিরোধের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, দুই সিনেমার প্রযোজনার সঙ্গেই যুক্ত রয়েছে মার্গট রবির প্রতিষ্ঠান লাকি চ্যাপ। ফলে একই প্রযোজনা প্রতিষ্ঠানের সমর্থন পাওয়া দুটি সিনেমার নাম নিয়ে দুই স্টুডিওর বিরোধে তৈরি হয়েছে বাড়তি জটিলতা।
ইউনিভার্সালের পক্ষ থেকে মনে করা হচ্ছে, আগে নাম নিবন্ধন করায় ‘নটি’ নামটির ক্ষেত্রে তাদের অগ্রাধিকার থাকা উচিত। সে ক্ষেত্রে ‘নাস্টি’র নাম পরিবর্তন করতে হবে, অথবা মুক্তির সময় পিছিয়ে দিতে হতে পারে। তবে ‘নাস্টি’র নির্মাতারা বিকল্প নাম ব্যবহারে আগ্রহী নন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বিরোধের সমাধান না হলে বিষয়টি যেতে পারে মোশন পিকচার অ্যাসোসিয়েশনের টাইটেল রেজিস্ট্রেশন ব্যুরোর কাছে। সেখানে দুই পক্ষের আইনজীবীদের নিয়ে সালিসি প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এই বিভাগের সিদ্ধান্ত আইনগতভাবে বাধ্যতামূলক। তবে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে মন্তব্য করেনি এমপিএ।
এর আগে ২০১৮ সালে একই ধরনের বিরোধে ডিজনি ও লুকাসফিল্মের ‘সোলো’ সিনেমার নাম পরিবর্তন করে রাখা হয়েছিল ‘সোলো: আ স্টার ওয়ারস স্টোরি’। একই সময়ে ‘ফ্রি সোলো’ নামে আরেকটি চলচ্চিত্র থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এবার ‘নটি’ ও ‘নাস্টি’ নিয়ে বিরোধের শেষ কোথায় গিয়ে দাঁড়ায়, সেটিই দেখার অপেক্ষা।