বলিউডের জনপ্রিয় জুটি জন আব্রাহাম ও নোরা ফাতেহি। ‘দিলবার’, ‘ও সাকি সাকি’ ও ‘কুসু কুসু’র মতো জনপ্রিয় গানে একসঙ্গে দেখা গেছে তাঁদের। এবার প্রায় ছয় বছর পর আবারও পর্দায় ফিরছেন এই জুটি। জন আব্রাহামের আসন্ন সিনেমা ‘ফোর্স ৩’-এর একটি বিশেষ গানে দেখা যাবে নোরা ফাতেহিকে।
ভারতীয় বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সিনেমাটিতে বিশেষ একটি নাচের গানে অংশ নিতে যাচ্ছেন নোরা। নির্মাতারা গানটির আয়োজন করছেন বড় পরিসরে। এতে থাকবে জমকালো সংগীতায়োজন ও উচ্চশক্তির নাচের পরিবেশনা। তবে গানটি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি নির্মাতারা।
২০১৮ সালে জন আব্রাহামের সিনেমা ‘সত্যমেব জয়তে’র ‘দিলবার’ গানে একসঙ্গে দেখা যায় জন ও নোরাকে। গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর ২০১৯ সালে ‘বাটলা হাউস’ সিনেমার ‘ও সাকি সাকি’ এবং ২০২১ সালে ‘সত্যমেব জয়তে ২’-এর ‘কুসু কুসু’ গানেও একসঙ্গে কাজ করেন তাঁরা। এসব গানের সাফল্যে দর্শকদের কাছে আলাদা পরিচিতি তৈরি হয় এই জুটির।
‘ফোর্স ৩’ সিনেমায় আবারও এসিপি যশবর্ধন সিংয়ের চরিত্রে ফিরছেন জন আব্রাহাম। অ্যাকশনধর্মী এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘ফোর্স’ মুক্তি পায় ২০১১ সালে। এরপর ২০১৬ সালে আসে দ্বিতীয় কিস্তি ‘ফোর্স ২’। তৃতীয় কিস্তিতে জনের সঙ্গে অভিনয় করছেন হর্ষবর্ধন রানে, তানিয়া মানিকতলা ও সূর্য শর্মা। সিনেমাটি পরিচালনা করছেন ভাব ধুলিয়া।
বর্তমানে সিনেমাটির শুটিং চলছে। আগামী ১৯ মার্চ ২০২৭ প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে ‘ফোর্স ৩’-এর। জন-নোরার পুনর্মিলনের খবরে সিনেমাটির গান নিয়ে এরই মধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।