ইসরায়েলে নতুন সরকার গঠনের প্রচেষ্টায় প্রথম জোটসঙ্গী পেলেন সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকোট। তার নেতৃত্বাধীন ইয়াশার পার্টির সঙ্গে জোট গঠনে সম্মত হয়েছে আভিগদর লিবারম্যানের নেতৃত্বাধীন ডানপন্থি বিরোধী দল ইসরায়েল আওয়ার হোম। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুই নেতার বৈঠকের পর এ সমঝোতা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। তবে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য আইজেনকোটকে এখনো আরও কয়েকটি দলের সমর্থন নিশ্চিত করতে হবে।
গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর সরকার গঠনের লক্ষ্যে এটিই প্রথম জোট চুক্তি। ১২০ আসনের ইসরায়েলি পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। কিন্তু নির্বাচনে কোনো দল বা জোটই এককভাবে সেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে গত ১০ নভেম্বর নতুন সরকার ছাড়াই পার্লামেন্টের সদস্যরা শপথ নেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটও সংখ্যাগরিষ্ঠতা হারায়।
এ পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শেষে আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। বর্তমানে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন নেতানিয়াহু।
ইসরায়েলের প্রচলিত আইন অনুযায়ী, সরকার গঠনের জন্য আইজেনকোট ২৮ দিন সময় পেয়েছেন। আগামী ৬ ডিসেম্বর এই সময়সীমা শেষ হবে। প্রয়োজনে তিনি আরও ১৪ দিন সময় বাড়ানোর আবেদন করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে সরকার গঠনে ব্যর্থ হলে পরবর্তী সুযোগ পাবেন নেতানিয়াহু। তিনিও ব্যর্থ হলে দেশটিতে নতুন নির্বাচন আয়োজনের পরিস্থিতি তৈরি হতে পারে।
নির্বাচনে নেতানিয়াহুর লিকুদ পার্টি উগ্র ডানপন্থি ও কট্টর অর্থোডক্স দলগুলোর সঙ্গে জোট করে ৫৩টি আসন পেয়েছে। অন্যদিকে আইজেনকোটের ইয়াশার পার্টি পেয়েছে ২১টি এবং লিবারম্যানের ইসরায়েল আওয়ার হোম পেয়েছে সাতটি আসন। দুই দলের সমঝোতার ফলে আইজেনকোটের সম্ভাব্য জোটের আসনসংখ্যা দাঁড়িয়েছে ৪৮টিতে। ফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে আরও ১৩টি আসন প্রয়োজন হবে।
এ অবস্থায় ১৯টি আসনের অধিকারী আরব সংখ্যালঘুদের প্রতিনিধিত্বকারী দলগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। নেতানিয়াহুর বিরোধিতার প্রশ্নে এসব দলের সঙ্গে আইজেনকোটের অবস্থানের মিল থাকলেও তাদের সমর্থন পাওয়া নিয়ে রাজনৈতিক সমীকরণ এখনো স্পষ্ট নয়।
আইজেনকোটের সঙ্গে লিবারম্যানের জোট গঠনের সিদ্ধান্তকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এর আগে লিবারম্যান নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোকে নিজের প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেছিলেন। তবে আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের বিরোধিতা এবং নেতানিয়াহুর সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনের বিপক্ষে অবস্থান নেওয়ায় নতুন সমঝোতা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
এদিকে আইজেনকোটের ‘পরিবর্তনপন্থি জোটের’ কয়েকজন শরিক এবং নেতানিয়াহুর লিকুদ পার্টির মধ্যেও জাতীয় ঐক্যের সরকার গঠনের বিষয়ে আলোচনা চলছে। এই আলোচনার কারণে বিরোধী শিবিরের অভ্যন্তরীণ মতপার্থক্যও সামনে এসেছে। লিকুদ পার্টির সঙ্গে আইজেনকোটের আলোচনার অগ্রগতির প্রেক্ষাপটে বামপন্থি ডেমোক্র্যাটস পার্টি আপাতত তার সঙ্গে আলোচনা স্থগিত করেছে।
নির্বাচনে আটটি আসন পাওয়া দলটির প্রধান ইয়ার গোলান জানিয়েছেন, তিনি নেতানিয়াহুকে বাদ দিয়ে আরব দলগুলোকে সঙ্গে নিয়ে সরকার গঠনের পক্ষে। সব মিলিয়ে ইসরায়েলে সরকার গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা ও দর-কষাকষি অব্যাহত রয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে আইজেনকোট প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে পারবেন কি না, তা এখনো অনিশ্চিত।