বলিউডের সিনেমায় প্রেমের গল্পে অনেক সময় অধিকারবোধ, সন্দেহ কিংবা সঙ্গীকে নিয়ন্ত্রণ করার প্রবণতাকে রোমান্টিক হিসেবে তুলে ধরা হয়। তবে এমন উপস্থাপনার সঙ্গে একমত নন অভিনেতা আয়ুষ্মান খুরানা। তাঁর মতে, বিষাক্ত সম্পর্ক কখনোই ইতিবাচক নয়; বরং তা মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই পর্দায় এমন সম্পর্ককে ভালোবাসার নিদর্শন হিসেবে দেখানোর বিপক্ষে তিনি।
সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘ইয়ে প্রেম মোল লিয়া’র প্রচারে গিয়ে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আয়ুষ্মান। বলিউডের প্রেমের গল্পে বিষাক্ত সম্পর্কের উপস্থাপনা নিয়ে প্রশ্ন করা হলে অভিনেতা বলেন, সব ধরনের সিনেমারই আলাদা দর্শক রয়েছে। তবে বিষাক্ত প্রেমকে মহিমান্বিত করে দেখানো তাঁর ব্যক্তিগত পছন্দ নয়।
আয়ুষ্মানের ভাষ্য, ‘যেকোনো ধরনের বিষাক্ত ভালোবাসাই সমস্যাজনক। আমার মনে হয়, এটি মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।’
এ ধরনের চরিত্র পর্দায় তুলে ধরার ক্ষেত্রেও নির্মাতাদের দায়িত্বশীল হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। আয়ুষ্মান বলেন, তাঁর অভিনীত সিনেমাগুলোর ক্ষেত্রে গল্পের বার্তা সঠিক হওয়া জরুরি। কোনো চরিত্রের আচরণ বিষাক্ত হলে তাকে নেতিবাচক হিসেবেই উপস্থাপন করা উচিত। একজন শিল্পী হিসেবে এটিই তাঁর বিশ্বাস।
শুধু মতামত প্রকাশেই সীমাবদ্ধ থাকেননি আয়ুষ্মান। জানিয়েছেন, নিজের বিশ্বাস ও মূল্যবোধের সঙ্গে না মিললে বাণিজ্যিকভাবে সফল হওয়ার সম্ভাবনা থাকলেও কোনো সিনেমায় অভিনয় করতে রাজি হন না তিনি। অতীতেও এমন কয়েকটি সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
এ প্রসঙ্গে অভিনেতা বলেন, অন্য শিল্পীরা কী ধরনের সিনেমায় অভিনয় করবেন, সেটি তাঁদের নিজস্ব সিদ্ধান্ত। তবে বিষাক্ত সম্পর্ককে রোমান্টিক করে দেখানো সিনেমা তাঁর পছন্দের নয়। কোনো সিনেমা হিট হতে পারে জেনেও সেটি ফিরিয়ে দিতে পারেন তিনি। তাঁর কাছে গল্পের সঙ্গে নিজের চিন্তাভাবনার মিল থাকাটা গুরুত্বপূর্ণ।
এদিকে পরিচালক সূরজ বরজাতিয়ার ‘ইয়ে প্রেম মোল লিয়া’ সিনেমায় নতুন এক প্রেমের চরিত্রে দেখা যাবে আয়ুষ্মানকে। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন শারভারি ওয়াঘ। আগামী ২৭ নভেম্বর মুক্তির কথা রয়েছে সিনেমাটির।
সিনেমাটিতে ‘প্রেম’ চরিত্রে অভিনয় প্রসঙ্গে আয়ুষ্মান জানিয়েছেন, সালমান খানের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন তিনি। তবে আগের অভিনেতাদের মতো করে চরিত্রটি না ভেবে নিজের মতো করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।