কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩২তম আসর বসছে আগামী ডিসেম্বরে। ১৭ ডিসেম্বর শুরু হয়ে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে সাত দিনব্যাপী এ আয়োজন। এবারের উৎসবে ভারতীয় চলচ্চিত্রের একঝাঁক তারকার উপস্থিতি ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
উৎসবে উপস্থিত থাকার কথা রয়েছে দক্ষিণী সিনেমার দুই মহাতারকা রজনীকান্ত ও প্রভাসের। বলিউড থেকে থাকবেন অনুপম খের ও কঙ্গনা রানাওয়াত। এবার অতিথির তালিকায় যুক্ত হয়েছে বলিউড সুপারস্টার সালমান খানের নামও।
কলকাতার গণমাধ্যমের খবর অনুযায়ী, তিন বছর পর আবারও কলকাতা চলচ্চিত্র উৎসবে যোগ দিতে যাচ্ছেন সালমান। সর্বশেষ ২০২৩ সালে উৎসবটিতে অংশ নিয়েছিলেন তিনি। সে সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নতুন সরকারের অধীনে আয়োজিত উৎসবে সালমানের উপস্থিতি নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।
উৎসব কমিটির মুখ্য উপদেষ্টা অভিনেতা মিঠুন চক্রবর্তী জানিয়েছেন, এবারের আয়োজনে ফিল্ম বাজারকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি কলকাতার গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থানগুলো উৎসবের উপযোগী করে সাজিয়ে তোলার পরিকল্পনা রয়েছে। বিদেশ থেকেও খ্যাতিমান অতিথিদের আমন্ত্রণ জানানোর চেষ্টা চলছে।
কলকাতার গণমাধ্যমকে মিঠুন চক্রবর্তী বলেন, ‘এবারের উৎসবে ফিল্ম বাজারকে আমরা বিশেষভাবে প্রমোট করব। কমিটির শিডিউল এবং কে কী দায়িত্ব সামলাবেন, তা নির্ধারণ করা হয়েছে। কলকাতার ল্যান্ডমার্ক জায়গাগুলোকে উৎসবের উপযোগী করে সাজিয়ে তোলা হবে। বিদেশ থেকেও খ্যাতিমান অতিথিদের আনার চেষ্টা চালানো হচ্ছে।’
এদিকে এবারের উৎসবে বাংলাদেশের দুটি সিনেমাও অংশ নিচ্ছে। এর মধ্যে মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। অন্যদিকে এশিয়ান কম্পিটিশন বিভাগে প্রতিযোগিতা করবে মাসুদ হাসান উজ্জ্বলের ‘বনলতা সেন’।
তারকাদের উপস্থিতি এবং বাংলাদেশের দুটি সিনেমার অংশগ্রহণ—সব মিলিয়ে এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘিরে দুই বাংলার চলচ্চিত্রপ্রেমীদের আগ্রহ বাড়ছে।