রাজকীয় প্রেম, বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ আর ক্ষমতার লড়াই—সব মিলিয়ে বিশ্বজুড়ে দর্শকদের আলোচনার কেন্দ্রে দক্ষিণ কোরীয় সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’। সিরিজটির কেন্দ্রীয় চরিত্র সম্রাজ্ঞী নাভিয়েরের ভাগ্যে শেষ পর্যন্ত কী ঘটবে, তা নিয়ে ভক্তদের কৌতূহল এখন তুঙ্গে। বিশেষ করে শেষ দুই পর্ব ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা।
ডিজনি প্লাসের এই সিরিজটি তৈরি হয়েছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ওয়েব নভেল ও ওয়েবটুন অবলম্বনে। গল্পের শুরু সম্রাট সোভিয়েশুর সঙ্গে সম্রাজ্ঞী নাভিয়েরের দাম্পত্য জীবনে ভাঙন দিয়ে। সোভিয়েশুর জীবনে রাশতার আগমনের পর বদলে যেতে থাকে রাজপ্রাসাদের পরিস্থিতি। একপর্যায়ে নাভিয়েরকে বিচ্ছেদের প্রস্তাব দেন সম্রাট। কিন্তু স্বামীর সিদ্ধান্তে ভেঙে না পড়ে নাভিয়েরও পাল্টা শর্ত দেন—বিচ্ছেদে সম্মতি দেবেন, তবে তাঁকে অন্য একজনকে বিয়ে করার অনুমতি দিতে হবে।
এই সিদ্ধান্ত থেকেই গল্পে নতুন মোড় আসে। পশ্চিম সাম্রাজ্যের রাজপরিবারের গুরুত্বপূর্ণ ব্যক্তি হেনরির সঙ্গে নাভিয়েরের সম্পর্ক গভীর হতে থাকে। অন্যদিকে রাশতাকে ঘিরে তৈরি হয় নানা বিতর্ক ও ষড়যন্ত্র।
২০১৮ সালে লেখক আলফাটার্টের হাত ধরে ওয়েব নভেল হিসেবে যাত্রা শুরু করে ‘দ্য রিম্যারিড এমপ্রেস’। পরের বছর এটি ওয়েবটুনে রূপ নেয়। দীর্ঘদিনের জনপ্রিয় এই গল্প এবার টেলিভিশন সিরিজ হিসেবে দর্শকদের সামনে এসেছে। নাভিয়ের চরিত্রে অভিনয় করেছেন শিন মিন আ। সোভিয়েশু চরিত্রে জু জি হুন, হেনরি চরিত্রে লি জং সুক এবং রাশতা চরিত্রে রয়েছেন লি সে ইয়ং।
সিরিজটির গল্পের শেষ পরিণতি নিয়ে দর্শকদের আগ্রহের বড় কারণ এর মূল ওয়েব নভেল ও ওয়েবটুন। সেখানে নাভিয়ের শেষ পর্যন্ত সোভিয়েশুর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে হেনরিকে বিয়ে করেন। পরে হেনরি পশ্চিম সাম্রাজ্যের সম্রাট হলে নাভিয়েরও নতুন সাম্রাজ্যের সম্রাজ্ঞী হন। তাঁদের সংসারে জন্ম নেয় যমজ সন্তান।
অন্যদিকে রাশতার জীবনেও নেমে আসে বিপর্যয়। অতীতের নানা গোপন তথ্য ও প্রতারণা প্রকাশ্যে আসার পর তিনি ক্ষমতা হারান। শেষ পর্যন্ত বন্দিদশায় তাঁর মৃত্যু হয়। আর নাভিয়েরকে হারিয়ে সোভিয়েশুকেও ভুগতে হয় নিজের সিদ্ধান্তের পরিণতিতে।
তবে মূল গল্পের এই পরিণতি টেলিভিশন সিরিজেও হুবহু দেখানো হবে কি না, তা নিয়ে রয়েছে সংশয়। ১০ পর্বের সিরিজটির শেষ দুই পর্ব ২৫ নভেম্বর মুক্তি পাওয়ার কথা। মূল ওয়েবটুনের গল্প ২৪৭ অধ্যায়ে বিস্তৃত হওয়ায় এত বড় কাহিনির কতটুকু পর্দায় তুলে ধরা হবে, সেটিও আলোচনায় রয়েছে।
‘দ্য রিম্যারিড এমপ্রেস’-এর জনপ্রিয়তার পেছনে শুধু প্রেমের গল্প নয়, রয়েছে আত্মমর্যাদা ও নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নেওয়ার বিষয়টিও। বিশ্বাসঘাতকতার মুখেও নাভিয়েরের দৃঢ় অবস্থান দর্শকদের কাছে চরিত্রটিকে বিশেষভাবে আকর্ষণীয় করে তুলেছে।
শেষ পর্যন্ত নাভিয়ের কি হেনরির সঙ্গে নতুন জীবন গড়বেন, নাকি গল্পে থাকবে কোনো অপ্রত্যাশিত মোড়—সেই উত্তর জানতে অপেক্ষা করছেন বিশ্বজুড়ে দর্শকেরা।