১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে ঘিরে সরকার কোনো ধরনের চাপে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনার ফেরার ঘোষণায় সরকার উদ্বিগ্ন নয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফিরতে পারেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় সরকার কোনো চাপে নেই। এ সময় তিনি মন্তব্য করেন, ‘পতিত আওয়ামী শক্তির পলাতক দল দেশের লুকায়িত দলকে বিপদের মুখে ফেলছে।’
সম্প্রতি ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের সাম্প্রতিক কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের পরিচয় দিচ্ছে। তবে কেউ ধ্বংসাত্মক কর্মসূচি পালন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি আদালতের রায়ের ওপর নির্ভর করবে।
এদিকে বুধবারও গাজীপুরসহ ঢাকার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় তৈরি পোশাকশ্রমিকদের সড়কে নেমে আন্দোলনের বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বেতন নির্ধারণের পর যারা আন্দোলন করছেন, তাদের মধ্যে প্রকৃত শ্রমিক জড়িত নন।