গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বরেণ্য নাট্যব্যক্তিত্ব ও অভিনেতা মামুনুর রশীদ। বর্তমানে হাসপাতালটির নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) পারিবারিক সূত্রের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, গত তিন দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এই অভিনেতা। তবে তাঁর অসুস্থতার সুনির্দিষ্ট কারণ ও শারীরিক অবস্থার সর্বশেষ বিস্তারিত এখনো জানা যায়নি।
এর আগেও গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে চিকিৎসা নিতে হয়েছিল মামুনুর রশীদকে। ২০২৫ সালের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে উড়োজাহাজে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সেখানে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় তাঁর ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। ছয় দিন আইসিইউতে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে ওঠেন তিনি। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে ২০২৬ সালের ১৪ জানুয়ারি দেশে ফেরেন এই অভিনেতা। এরপর আবারও অভিনয়ে ফেরেন।
মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র—তিন মাধ্যমেই পাঁচ দশকের বেশি সময় ধরে কাজ করছেন মামুনুর রশীদ। অভিনয়ের পাশাপাশি নাট্যকার ও নির্দেশক হিসেবেও রয়েছে তাঁর বিশেষ পরিচিতি। ১৯৭২ সালে তাঁর হাত ধরেই প্রতিষ্ঠিত হয় দেশের অন্যতম নাট্যদল ‘আরণ্যক’।
তাঁর উল্লেখযোগ্য মঞ্চনাটকের মধ্যে রয়েছে ‘ওরা কদম আলী’, ‘ইবলিশ’, ‘সংক্রান্তি’, ‘রাঢ়াং’ ও ‘চে’র সাইকেল’। চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমেও দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘মনপুরা’, ‘মৃত্তিকা মায়া’, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’, ‘শঙ্খচিল’, ‘ভুবন মাঝি’, ‘পাপ পুণ্য’ ও ‘পাতালঘর’। ‘মনপুরা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এই গুণী শিল্পী।
বরেণ্য এই অভিনেতার অসুস্থতার খবরে উদ্বেগ তৈরি হয়েছে সাংস্কৃতিক অঙ্গনে। তাঁর সুস্থতা কামনা করছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।