শুটিংয়ের ব্যস্ততার মধ্যেও মেয়েকে সময় দিতে ভোলেন না বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এবার অস্ট্রেলিয়ার একটি চিড়িয়াখানায় মেয়ে মালতী মেরি চোপড়াকে নিয়ে আনন্দঘন সময় কাটিয়েছেন তিনি। কখনো ক্যাঙ্গারুকে খাবার খাওয়ানো, কখনো জিরাফের সঙ্গে পরিচয়, আবার কখনো কোয়ালাকে জড়িয়ে ধরা—মা-মেয়ের এমন নানা মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন প্রিয়াঙ্কা।
গত ২৪ নভেম্বর ইনস্টাগ্রামে ছবিগুলো প্রকাশ করেন এই অভিনেত্রী। অস্ট্রেলিয়ার বিখ্যাত ‘অস্ট্রেলিয়া জু’তে ঘুরতে গিয়ে মালতীর সঙ্গে বেশ কিছু প্রাণীর কাছাকাছি যাওয়ার সুযোগ পান তিনি। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়াও।
ছবিতে দেখা যায়, মাকে সঙ্গে নিয়ে গণ্ডারের কাছাকাছি দাঁড়িয়ে আছে মালতী। জিরাফকে গাজর খাওয়ানোর পাশাপাশি ক্যাঙ্গারুকেও হাতে করে খাবার দিয়েছে সে। কোয়ালাকে জড়িয়ে ধরার ছবিও রয়েছে। এ ছাড়া একটি বড় গিরগিটির মতো সরীসৃপের সঙ্গে সময় কাটাতে দেখা যায় তাকে। চিড়িয়াখানার কর্মীদের তত্ত্বাবধানেই প্রাণীগুলোর সঙ্গে পরিচিত হয়েছে ছোট্ট মালতী।
বিশাল আকৃতির অ্যানাকোন্ডার কাছাকাছি গিয়ে সেটিকে স্পর্শ করার ছবিও শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। মেয়ের এমন সাহস দেখে মুগ্ধ অভিনেত্রী ছবির ক্যাপশনে লিখেছেন, ‘সবচেয়ে সাহসী মেয়ে।’
পুরো ভ্রমণ নিয়ে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘এমন একটি দিন, যা শুধু স্মৃতির বোতলে বন্দী করে রাখতে ইচ্ছে করে।’ এই বিশেষ অভিজ্ঞতার ব্যবস্থা করে দেওয়ার জন্য হলিউড অভিনেতা রাসেল ক্রোকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। পাশাপাশি অস্ট্রেলিয়া জুর উষ্ণ আতিথেয়তার জন্য টেরি আরউইনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এ সময় বন্য প্রাণী সংরক্ষণে প্রয়াত স্টিভ আরউইনের অবদানের কথাও স্মরণ করেন প্রিয়াঙ্কা। তাঁর মতে, চিড়িয়াখানার প্রতিটি জায়গায় স্টিভের ভালোবাসা, সাহস ও প্রাণীদের প্রতি যত্নের ছাপ রয়েছে। বন্য প্রাণী সংরক্ষণে আরউইন পরিবারের উদ্যোগের প্রশংসা করে এ কাজে সহযোগিতার আহ্বানও জানিয়েছেন তিনি।
এদিকে অস্ট্রেলিয়ায় বর্তমানে নতুন সিনেমা ‘ব্লুফ্লাই’-এর শুটিং করছেন প্রিয়াঙ্কা। নিমরোদ আনতাল পরিচালিত সায়েন্স ফিকশনধর্মী অ্যাকশন থ্রিলারটিতে তাঁর সহশিল্পী রাসেল ক্রো। কাজের ব্যস্ততার মধ্যেও মেয়ের সঙ্গে এমন সময় কাটানোকে বিশেষ উপভোগ করছেন এই অভিনেত্রী।