বছরের শেষ মাস ডিসেম্বর হতে যাচ্ছে সিনেমাপ্রেমীদের জন্য দারুণ উপভোগ্য। হলিউড থেকে বলিউড—বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে বেশ কয়েকটি আলোচিত সিনেমা। অ্যাকশন, সায়েন্স ফিকশন ও সুপারহিরো অ্যাডভেঞ্চারের পাশাপাশি থাকছে তারকাবহুল আয়োজন। সবচেয়ে বড় আকর্ষণ, নতুন সিনেমা নিয়ে ফিরছেন বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান। একই সময়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ও ‘ডুন: পার্ট থ্রি’র।
শাহরুখের ‘কিং’
ডিসেম্বরের শেষ সপ্তাহে বলিউডের দর্শকদের জন্য বড় আকর্ষণ শাহরুখ খানের ‘কিং’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমাটি ২৪ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে। এতে দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন বলিউডের এই সুপারস্টার। সিনেমাটিতে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন তাঁর মেয়ে সুহানা খান।
এ ছাড়া দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন ও অনিল কাপুরের মতো তারকাদেরও দেখা যাবে বলে আলোচনা রয়েছে। বাবা-মেয়ের একসঙ্গে অভিনয় ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।
সালমানের ‘মাতৃভূমি’
ডিসেম্বরের শুরুতেই প্রেক্ষাগৃহে আসার কথা সালমান খানের ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। ৪ ডিসেম্বর মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে সিনেমাটির। অপূর্ব লাখিয়া পরিচালিত ছবিটির পটভূমি ২০২০ সালের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনা সেনাদের সংঘর্ষ। এতে সালমানের বিপরীতে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং।
সিনেমাটির নাম প্রথমে রাখা হয়েছিল ‘ব্যাটল অব গালওয়ান’। পরে পরিবর্তন করে রাখা হয় ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। মুক্তির তারিখ নিয়ে কয়েক দফা পরিবর্তনের পর শেষ পর্যন্ত ৪ ডিসেম্বরের ঘোষণা এসেছে। ছবিটির প্রচারণায় ইতিমধ্যে ট্রেলার ও গান প্রকাশ করা হয়েছে।
‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’
মার্ভেল ভক্তদের জন্য ডিসেম্বরের অন্যতম বড় আকর্ষণ ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। ১৮ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে। ২০১৯ সালে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ মুক্তির পর বড় পর্দায় নতুন অ্যাভেঞ্জার্স চলচ্চিত্রের অপেক্ষায় ছিলেন দর্শকরা। প্রায় সাত বছর পর ফ্র্যাঞ্চাইজিটির প্রত্যাবর্তন ঘিরে তাই আগ্রহের কমতি নেই।
এবারের গল্পে একাধিক মহাবিশ্বের পরিচিত সুপারহিরোদের মুখোমুখি হতে হবে ভয়ংকর প্রতিপক্ষ ডক্টর ডুমের। চরিত্রটিতে অভিনয় করছেন রবার্ট ডাউনি জুনিয়র। দীর্ঘদিন আয়রন ম্যান চরিত্রে দর্শকদের মন জয় করা এই অভিনেতাকে এবার সম্পূর্ণ ভিন্ন ভূমিকায় দেখা যাবে।
অ্যান্থনি ও জো রুশো পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ক্রিস হেমসওর্থ, ক্রিস ইভান্স, পেড্রো পাসকাল, পল রাড, ফ্লোরেন্স পিউ ও অ্যান্থনি ম্যাকি।
ফিরছেন টিমোথি শ্যালামে
‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র সঙ্গে একই দিনে বড় পর্দায় আসার কথা ‘ডুন: পার্ট থ্রি’র। পরিচালক ডেনিস ভিলনভের নির্মিত এই সিনেমার মাধ্যমে শেষ হচ্ছে তাঁর ‘ডুন’ চলচ্চিত্র ত্রয়ী। ফ্র্যাঙ্ক হারবার্টের বিখ্যাত উপন্যাস ‘ডুন মেসায়া’ অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি।
আগের দুই পর্বের ধারাবাহিকতায় এবারও পল অ্যাট্রেইডিস চরিত্রে ফিরছেন টিমোথি শ্যালামে। তাঁর সঙ্গে থাকছেন জেন্ডায়া, ফ্লোরেন্স পিউ, রেবেকা ফার্গুসন, জেসন মোমোয়া, আনিয়া টেলর-জয় ও রবার্ট প্যাটিনসন।
সব মিলিয়ে ডিসেম্বরজুড়ে হলিউড ও বলিউডের বড় বাজেটের সিনেমাগুলো নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি প্রত্যাশা। বিশেষ করে শাহরুখ-সালমানের প্রত্যাবর্তন এবং একই দিনে ‘ডুন’ ও ‘অ্যাভেঞ্জার্স’ মুক্তির সম্ভাবনা বছরের শেষ মাসকে সিনেমার বাজারে বিশেষভাবে আলোচিত করে তুলতে পারে।