নব্বইয়ের দশকের জনপ্রিয় টিভি সিরিজ ‘বেওয়াচ’-এ অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন মার্কিন অভিনেত্রী এরিকা এলেনিয়াক। দীর্ঘদিন পর আবারও আলোচনায় এসেছেন ৫৭ বছর বয়সী এই অভিনেত্রী। তবে এবার অভিনয়ের কারণে নয়, অনলি ফ্যানস প্ল্যাটফর্ম থেকে বিপুল অর্থ আয়ের খবরেই শিরোনাম হয়েছেন তিনি।
আন্তর্জাতিক বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম টিএমজেডের প্রতিবেদন অনুযায়ী, অনলি ফ্যানসে যোগ দেওয়ার মাত্র তিন মাসে প্রায় ৩ লাখ ডলার আয় করেছেন এরিকা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩ কোটি টাকার বেশি। এভাবে আয় অব্যাহত থাকলে প্রথম বছরেই তাঁর উপার্জন ১০ লাখ ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ফক্স নিউজ ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে অনলি ফ্যানসে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরেছেন অভিনেত্রী। তিনি জানান, শুরুতে এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার বিষয়ে তাঁর আগ্রহ ছিল না। বরং বিষয়টি নিয়ে কিছুটা অস্বস্তিও কাজ করেছিল। তবে কাজ শুরু করার পর তাঁর সেই ধারণা বদলে যায়।
এরিকা বলেন, ‘প্রথমবার অনলি ফ্যানসে যুক্ত হওয়ার কথা ভেবে মনে হয়েছিল, বিষয়টি আমার একদমই ভালো লাগবে না। কিন্তু এখন বলতে পারি, আমি এটি দারুণ উপভোগ করছি। এর মাধ্যমে আশির দশক থেকে আমার ক্যারিয়ার অনুসরণ করা অনেক মানুষের সঙ্গে নতুন করে যোগাযোগের সুযোগ হয়েছে।’
নিজের এই নতুন অভিজ্ঞতা নিয়ে বেশ আবেগপ্রবণ অভিনেত্রী। তাঁর ভাষ্য, অনলি ফ্যানসে যোগ দেওয়ার পর বিষয়টি এতটা আবেগের সঙ্গে জড়িয়ে যাবে, তা কখনো ভাবেননি। জীবনে প্রথমবারের মতো নিজেকে সত্যিকার অর্থে ভালোবাসা, প্রশংসা ও আত্মবিশ্বাসে ভরপুর মনে হচ্ছে।
এরিকা আরও বলেন, এই অভিজ্ঞতা তাঁর জীবনে অনেক আনন্দ নিয়ে এসেছে। অভিনয়জীবনের পরিচিত গণ্ডির বাইরে নতুন একটি মাধ্যমে যুক্ত হয়ে ভক্তদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাচ্ছেন তিনি। আর সেই নতুন পথ থেকেই আসছে বিপুল আয়।