সুদানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ব্লু নাইল রাজ্যে ড্রোন হামলায় অন্তত ১৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন নারী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। দেশটির আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) বিরুদ্ধে এ হামলা চালানোর অভিযোগ উঠেছে। মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি লইয়ার্সের বরাতে বুধবার (২৫ নভেম্বর) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সংগঠনটির বিবৃতি অনুযায়ী, মঙ্গলবার রাতে রাজ্যের রাজধানী দামাজিনের তিনটি আবাসিক এলাকায় ড্রোন হামলা চালানো হয়। এতে ১৯ জন নিহত হন। আহতদের মধ্যে ১৫ জনই ওই তিনটি পরিবারের সদস্য বলে জানিয়েছে সংগঠনটি।
একই দিনে ব্লু নাইল রাজ্যের রোসেইরেস শহরেও হামলার ঘটনা ঘটে। সেখানে আরও পাঁচজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। ইমার্জেন্সি লইয়ার্সের দাবি, শহরটির বাঁধ ও বিদ্যুৎ স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে রাজ্যজুড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি জাতীয় বিদ্যুৎ গ্রিড ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় বাসিন্দারা রয়টার্সের কাছে হামলার ঘটনা নিশ্চিত করলেও এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য দেয়নি আরএসএফ।
ইমার্জেন্সি লইয়ার্স জানিয়েছে, ব্লু নাইল রাজ্যের বাউ ও গেইসানসহ বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকা থেকে পালিয়ে আসা বহু মানুষ দামাজিন ও রোসেইরেস শহরে আশ্রয় নিয়েছেন। ফলে এসব এলাকায় বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব থেকেই বর্তমান সংঘাতের সূত্রপাত। ২০২৩ সালের এপ্রিলে দুই বাহিনীর মধ্যে লড়াই শুরু হয়। এর আগে দেশটির সামরিক ও রাজনৈতিক ক্ষমতা কাঠামোয় দুই বাহিনীর ভূমিকা এবং আরএসএফকে নিয়মিত সেনাবাহিনীর সঙ্গে একীভূত করার প্রক্রিয়া নিয়ে বিরোধ তৈরি হয়েছিল। সেই বিরোধ শেষ পর্যন্ত সশস্ত্র সংঘাতে রূপ নেয়।
এরপর থেকে রাজধানী খার্তুমসহ দেশটির বিভিন্ন অঞ্চলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। নিয়ন্ত্রণ ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের লড়াইয়ে ব্যাপক প্রাণহানি ও বাস্তুচ্যুতির ঘটনা ঘটেছে।
ব্লু নাইল রাজ্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। এটি দক্ষিণ সুদান ও ইথিওপিয়ার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। গত আগস্টে আরএসএফ দাবি করেছিল, তারা ইথিওপিয়া সীমান্তসংলগ্ন সংঘাতপূর্ণ গেইসান এলাকা দখলে নিয়েছে। ফলে এ অঞ্চলে সামরিক তৎপরতা ও সংঘাতের বিস্তার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সর্বশেষ ড্রোন হামলার ঘটনায় বেসামরিক মানুষের প্রাণহানি এবং গুরুত্বপূর্ণ বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা সুদানের মানবিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
তথ্যসূত্র: রয়টার্স ও ইমার্জেন্সি লইয়ার্স।