সাত বছরের কন্যাসন্তানের মা তিনি। পাশাপাশি সামলাচ্ছেন সংসার, পড়াশোনা ও পেশাগত জীবন। এত কিছুর মধ্যেও নিজের স্বপ্নকে থামতে দেননি পুয়ের্তো রিকোর ২৭ বছর বয়সী জেনিফার বারেত্তো। সব বাধা পেরিয়ে এবার জিতে নিয়েছেন ২০২৬ সালের মিস ইউনিভার্সের মুকুট। শুধু ব্যক্তিগত অর্জন নয়, প্রতিযোগিতার ইতিহাসেও নতুন অধ্যায় লিখেছেন তিনি। কারণ, মিস ইউনিভার্সের ইতিহাসে প্রথম মা হিসেবে এই খেতাব জিতেছেন জেনিফার।
গত ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে অনুষ্ঠিত হয় মিস ইউনিভার্সের ৭৫তম আসরের চূড়ান্ত পর্ব। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের ১১৭ প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার মুকুট জেতেন স্বাগতিক দেশের প্রতিনিধি জেনিফার। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন ডমিনিকান রিপাবলিকের প্রতিযোগী এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন ভেনেজুয়েলার প্রতিনিধি।
জেনিফারের ব্যক্তিগত জীবনও বেশ বৈচিত্র্যময়। তিনি বিবাহিত। স্বামী জ্যঁ কার্লোস বারেত্তোর সঙ্গে তাঁর সংসার। তাঁদের সাত বছর বয়সী মেয়ের নাম পেনেলোপে। মাতৃত্বের দায়িত্ব পালনের পাশাপাশি নিজের স্বপ্ন ও পেশাগত জীবন এগিয়ে নিয়েছেন তিনি।
শুধু সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চেই নয়, পড়াশোনাতেও কৃতিত্বের পরিচয় দিয়েছেন জেনিফার। মনোবিজ্ঞান ও ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক—দুটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তাঁর। পেশাগতভাবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের সেনাবাহিনী বিভাগে প্রিভেনশন স্পেশালিস্ট হিসেবে কাজ করেন তিনি। ক্ষতিকর আচরণ প্রতিরোধ এবং সুস্থ সমাজ গঠনে সচেতনতা তৈরির বিভিন্ন উদ্যোগের সঙ্গে যুক্ত তাঁর কাজ।
সমাজসেবামূলক কাজেও সক্রিয় জেনিফার। পুয়ের্তো রিকোর পেডিয়াট্রিক ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন তিনি। ডায়াবেটিসে আক্রান্ত শিশু ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি এ রোগ সম্পর্কে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখছেন।
জেনিফারের কাছে মিস ইউনিভার্সের মঞ্চ কেবল সৌন্দর্য প্রতিযোগিতা নয়, বরং সামাজিক উদ্যোগ ও মানুষের জন্য কাজের বার্তা ছড়িয়ে দেওয়ার একটি সুযোগ। তাই নিজের পরিচিতিকে আরও বড় পরিসরে কাজে লাগাতে চান তিনি।
উল্লেখ্য, ২০২৩ সালে মিস ইউনিভার্স কর্তৃপক্ষের নিয়ম পরিবর্তনের ফলে বিবাহিত নারী ও মায়েদের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়। সেই পরিবর্তনের পর এবার প্রথম মা হিসেবে বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন জেনিফার বারেত্তো। তাঁর এই জয় মাতৃত্ব ও ব্যক্তিগত স্বপ্নকে পাশাপাশি এগিয়ে নেওয়ার এক নতুন দৃষ্টান্ত হয়ে থাকল।