জোড়া সুখবর দিলেন অভিনেত্রী সামিরা খান মাহি

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি একসঙ্গে দুটি মিনি সিরিজ নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন। ‘মায়ার সংসার’ ও ‘কর্মফল’ নামের সিরিজ দুটিতে অভিনয় করেছেন তিনি। শিগগিরই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে এগুলো প্রকাশ হবে।

মহিন খানের নির্মাণে ‘কর্মফল’ সিরিজে মাহির সঙ্গে অভিনয় করেছেন দিলারা জামান, ইরফান সাজ্জাদ, মাহমুদুল ইসলাম মিঠু, আ খ ম হাসান, দীপা খন্দকার ও মনিরা মিঠুসহ আরও অনেকে।

অন্যদিকে মোহাম্মদ ওমর ফারুকের নির্মাণে ‘মায়ার সংসার’ সিরিজে অভিনয় করেছেন মাহি। এ সিরিজের অন্য অভিনয়শিল্পীদের নাম এখনও জানানো হয়নি।

একসঙ্গে দুটি সিরিজে অভিনয় প্রসঙ্গে সামিরা খান মাহি বলেন, সিরিজ দুটির গল্পই মূলত পারিবারিক। এর মধ্যে একটি নারীপ্রধান গল্প, অন্যটি ফ্যামিলি ড্রামা। পরিবার, আবেগ, সম্পর্ক ও বাস্তবতার বিভিন্ন দিক গল্প দুটিতে তুলে ধরা হয়েছে।

মাহি আরও জানান, সাম্প্রতিক সময়ে সচেতনভাবেই অভিনয়ের কাজ কমিয়ে দিয়েছেন তিনি। পরিবার ও নিজেকে সময় দেওয়ার জন্য আপাতত কাজের সংখ্যা কম রেখেছেন। তবে নতুন দুটি সিরিজ নিয়ে দর্শকদের ভালো সাড়া পাওয়ার আশা করছেন এই অভিনেত্রী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *