জামিন পেয়েই শাড়িকাণ্ডে নারীর ছবি ফাঁস করলেন তিশা

অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’র করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় শর্তসাপেক্ষে জামিন পাওয়ার পর শাড়িকাণ্ড নিয়ে নতুন দাবি করেছেন অভিনেত্রী তানজিন তিশা। নিজের ফেসবুক পেজে শাড়ি নিয়ে শুরুতে যার সঙ্গে কথা হয়েছিল, সেই নারীর কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিশা। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। মামলার পরবর্তী শুনানি পর্যন্ত এই জামিন বহাল থাকবে।

জামিন পাওয়ার পর ফেসবুক পোস্টে তিশা দাবি করেন, শাড়ি নিয়ে যার সঙ্গে তার প্রথম কথা হয়েছিল, তিনি নিজেকে আড়ালে রেখে অন্য একজনকে দিয়ে মামলা করিয়েছেন। ওই নারীর ছবি প্রকাশ করে অভিনেত্রী লিখেছেন, ‘ইনিই সেই মহিলা যার সঙ্গে আমার শাড়ি নিয়ে কথা হয়েছে শুরু থেকে।’

তিশার দাবি, যে শাড়িকে কেন্দ্র করে মামলা হয়েছে, সেটি পরে তিনি আগেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবি প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট পেজকে যথাযথভাবে মেনশনও করেছেন।

আদালত প্রাঙ্গণের একটি ঘটনার কথাও তুলে ধরে তিশা দাবি করেন, সংশ্লিষ্ট ব্যবসার কথিত মালিক আইনজীবীদের মতো কোর্ট ড্রেস পরে আদালতে উপস্থিত হয়েছিলেন এবং সাংবাদিকদের এড়িয়ে চলে যান। তার অভিযোগ, বিষয়টি প্রকৃত আইনি বিরোধ নয়, বরং ‘নেগেটিভ মার্কেটিং’ ও প্রচার পাওয়ার কৌশল।

তবে তিশার এসব অভিযোগের বিষয়ে মামলাকারী পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

২০২৫ সালের ৫ নভেম্বর ‘অ্যাপোনিয়ার ফ্যাশন’ প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম তিশার বিরুদ্ধে মামলাটি করেন। মামলার অভিযোগে বলা হয়, অনলাইন ফ্যাশন পেজটি থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেওয়ার পর প্রচারণা ও মূল্য পরিশোধের আশ্বাস দিলেও পরে তিশা যোগাযোগ বন্ধ করে দেন।

এদিকে বড় পর্দায়ও অভিষেক হয়েছে তানজিন তিশার। শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমায় দেখা যাবে তাকে। সিনেমাটি পরিচালনা করেছেন সাকিব ফাহাদ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *