চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস শিপ রিসাইক্লিং ইয়ার্ডে দুর্ঘটনাকবলিত জাহাজে স্বাভাবিক মাত্রার তুলনায় অতিরিক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস পাওয়া গেছে। শিল্প সচিব আব্দুন নাসের খান জানিয়েছেন, বিষাক্ত এই গ্যাসের কারণেই দুর্ঘটনায় ৯ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকালে দুর্ঘটনাকবলিত শিপ ইয়ার্ড পরিদর্শন শেষে তিনি এসব তথ্য জানান।
শিল্প সচিব বলেন, বিস্ফোরক অধিদপ্তরের পরীক্ষায় জাহাজটিতে স্বাভাবিক মাত্রার তুলনায় অতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি পাওয়া গেছে। এই বিষাক্ত গ্যাসের কারণেই শ্রমিকদের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৩ তদন্ত কমিটি
ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে ১১ সদস্যের কমিটি, চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ৯ সদস্যের কমিটি এবং বাংলাদেশ শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং বোর্ডের (বিএসবিআর) পক্ষ থেকে পাঁচ সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শিল্প সচিব জানান, দুর্ঘটনার আগে ও পরে কী ঘটেছিল, কোনো ব্যক্তির অবহেলা বা দায়িত্ব পালনে গাফিলতি ছিল কি না—তা তদন্ত কমিটিগুলোকে বিস্তারিতভাবে খতিয়ে দেখতে বলা হয়েছে। দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
তদন্তে কারও অবহেলা বা দায়িত্বে গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
দুর্ঘটনাকবলিত জাহাজে জমে থাকা বিষাক্ত গ্যাস বিশেষজ্ঞদের মাধ্যমে নিরাপদে অপসারণ করা হবে বলে জানিয়েছেন শিল্প সচিব। ভবিষ্যতে শিপইয়ার্ডে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার কথাও জানান তিনি।
পরিদর্শনকালে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার মাসুদ আলম, বিস্ফোরক অধিদপ্তরের পরিদর্শক এস এম সাখাওয়াত হোসেন, বাংলাদেশ শিপব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মহসিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে সীতাকুণ্ড থানা পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে নিহত কয়েকজন শ্রমিকের পরিবারের সদস্যদের থানায় ডাকা হয় বলে জানিয়েছেন স্বজনরা।
শিপইয়ার্ডের নিরাপত্তা ব্যবস্থা, বিষাক্ত গ্যাস শনাক্তকরণ এবং শ্রমিকদের সুরক্ষা ব্যবস্থা নিয়ে তদন্ত কমিটির প্রতিবেদনেই দুর্ঘটনার পূর্ণ চিত্র উঠে আসবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।












