ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস, ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা তারেক রহমানের

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জয়ের ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রোববার (১৬ আগস্ট) ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে স্মরণীয় জয় তুলে নেয় বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই এমন সাফল্য অর্জন করল টাইগাররা।

বাংলাদেশ দল যখন ঐতিহাসিক জয় নিশ্চিত করে, তখন কিশোরগঞ্জের উদ্দেশে সড়কপথে ছিলেন প্রধানমন্ত্রী। ম্যাচ শেষ হওয়ার পর তিনি বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে ভিডিও কলে কথা বলেন এবং ঐতিহাসিক জয়ের জন্য তাদের অভিনন্দন জানান। এ সময় বাংলাদেশের জনগণের পক্ষ থেকেও ক্রিকেটারদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদেরই মাটিতে বাংলাদেশের এই জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের। খেলোয়াড়দের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, দক্ষতা ও দলগত প্রচেষ্টার ফলেই এই অসাধারণ সাফল্য এসেছে।

এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। পাশাপাশি পরের টেস্টেও ভালো খেলার প্রত্যাশা ব্যক্ত করে সিরিজ জয়ের সম্ভাবনাকে সাফল্যে রূপ দেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, ২০১৭ সালে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্টে জয় পেয়েছিল বাংলাদেশ। এবার অস্ট্রেলিয়ার মাটিতে তাদের হারিয়ে নতুন ইতিহাস গড়ল টাইগাররা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *