‘আওয়ারাপান ৩’ নিয়ে বড় ঘোষণা ইমরান হাশমির

কাল্ট ক্লাসিক সিনেমা ‘আওয়ারাপান’-এর পর ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি ‘আওয়ারাপান ২’ ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। সিনেমাটির মুক্তির পর এবার ভক্তদের আরও বড় সুখবর দিলেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। তার ইঙ্গিত, সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই আসতে পারে ‘আওয়ারাপান ৩’

শুক্রবার সিনেমাটি মুক্তির পর দর্শকদের প্রতিক্রিয়া দেখতে মুম্বাইয়ের একটি প্রেক্ষাগৃহে আচমকাই হাজির হন ইমরান হাশমি ও সহশিল্পী দিশা পাটানি। বিরতির সময় হলের ভেতরে প্রবেশ করে দর্শকদের চমকে দেন তারা।

দর্শকদের উদ্দেশে ইমরান বলেন, ‘আওয়ারাপান’ এমন একটি সিনেমা, যা নির্মাতাদের চেয়ে দর্শকদের কাছেই বেশি বিশেষ। সেই ভালোবাসার কারণেই তারা আবার ফিরেছেন। নতুন কিস্তিতে আরও বেশি অ্যাকশন ও আবেগ দিয়ে গল্প বলার চেষ্টা করা হয়েছে বলেও জানান তিনি।

এক ভক্ত সিনেমাটিকে ‘সুপারহিট’ বললে ইমরান হাশমি মজার ছলে জানান, আসল খেলা এখনও বাকি। তার ভাষ্য অনুযায়ী, প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধ আরও ভালো।

এরপরই ‘আওয়ারাপান ৩’ নিয়ে বড় ইঙ্গিত দেন অভিনেতা। তিনি বলেন, দর্শকদের ভালোবাসা অব্যাহত থাকলে এবং সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই ফ্র্যাঞ্চাইজিটির তৃতীয় কিস্তি নিয়ে আসার আশা করছেন তারা।

নিতিন কক্কর পরিচালিত ও বিশেষ ফিল্মস প্রযোজিত ‘আওয়ারাপান ২’-এ শিভম পণ্ডিত চরিত্রে আবারও দেখা গেছে ইমরান হাশমিকে। সিনেমাটির গল্পে অপহৃত শিশুদের উদ্ধারের মিশনে জড়িয়ে পড়ে শিভম। শিশু পাচার, প্রতিশোধ ও প্রায়শ্চিত্তকে কেন্দ্র করে নির্মিত অ্যাকশন-থ্রিলারটিতে দিশা পাটানি ও শাবানা আজমিও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *