ভিডিও কলে ছিলেন রিধি, মৃত্যুর ঘটনায় বন্ধু হাসিবুর গ্রেপ্তার

মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় তার বন্ধু হাসিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম

পুলিশ জানায়, শনিবার রিধিকার মা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ভাটারা থানায় মামলা করেন। মামলায় হাসিবুর রহমানকে আসামি করা হয়েছে। ঘটনার দিন রিধিকাকে দেখতে ঘটনাস্থলে গেলে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ওসি জানান, ঘটনার সময় রিধিকা তার বন্ধু হাসিবুর রহমানের সঙ্গে ভিডিও কলে ছিলেন। এর আগে তাদের মধ্যে কথাকাটাকাটি ও ঝগড়া হয়েছিল বলেও প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ এবং এর পেছনের পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত চলছে।

শনিবার ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে রিধিকার মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক ধারণা, রিধিকা আত্মহত্যা করেছেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারও সম্পৃক্ততা ছিল কি না, তা তদন্ত শেষে স্পষ্ট হবে।

রিধিকা মডেলিংয়ের পাশাপাশি কয়েকটি নাটকেও অভিনয় করেছেন। তার অভিনীত নাটকের মধ্যে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’ উল্লেখযোগ্য।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *