টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে কয়েক দিন ধরেই চলছে আলোচনা। বিয়ের অভিনব কার্ড প্রকাশ্যে আসার পর থেকেই বিষয়টি নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। এবার জানা গেল, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাগদান ও আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সারতে যাচ্ছেন অভিনেত্রী।
সূত্রের খবর, কলকাতার কসবার নিজের ফ্ল্যাটেই আইনি বিয়ে করবেন মিমি। বাগদানের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং টলিউডে তাঁর ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু উপস্থিত থাকবেন। অতিথিদের তালিকায় অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় ও পোশাকশিল্পী অভিষেক রায়ের নামও শোনা যাচ্ছে।
মিমির জীবনসঙ্গী চলচ্চিত্রজগতের কেউ নন। তাঁর নাম সিদ্ধার্থ দত্ত। তিনি নৌবাহিনীতে কর্মরত একজন মেরিন ইঞ্জিনিয়ার। টলিপাড়ার অন্দরমহলের খবর, দীর্ঘদিন ধরেই সম্পর্কে রয়েছেন তাঁরা।
কলকাতায় আংটিবদল ও আইনি বিয়ের আনুষ্ঠানিকতা হলেও মূল বিয়ের আয়োজন হবে পাহাড়ি শহর কালিম্পংয়ে। আগামী ৫ ডিসেম্বর থেকে সেখানে তিন দিনব্যাপী বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
পাহাড়ে বিয়ের আয়োজন শেষে কলকাতায় ফিরবেন মিমি ও সিদ্ধার্থ। আগামী ১১ ডিসেম্বর কলকাতায় তাঁদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সেখানে টলিউডের সহকর্মী, বন্ধু ও বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হবে বলে জানা গেছে।