প্রথমবারের মতো সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন ১১২ জন বাংলাদেশি কর্মী। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে নির্বাচিত এসব কর্মী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছাড়ছেন। বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে তাদের বিদায় ও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করায় দেশটির সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি কর্মীদের পেশাগত দক্ষতা উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী আরও জানান, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে শুধু কারিগরি দক্ষতা নয়, সংশ্লিষ্ট দেশের ভাষা, সংস্কৃতি ও নিয়মকানুন সম্পর্কে জ্ঞান থাকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে বাংলাদেশি কর্মীদের বিদেশে পাঠানোর আগে সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর বিষয়েও সরকার কাজ শুরু করবে।
মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আল্লাহর কাছে দোয়া করি, আপনারা সুস্থ থাকুন। আপনারা সে দেশের সংস্কৃতি ও আইনকানুন মেনে চলবেন। সুনামের সঙ্গে কাজ করবেন—এই আশা করি।’
তিনি কর্মীদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে বিদেশের মাটিতে নিজেদের কর্মদক্ষতা ও ভালো আচরণের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার প্রত্যাশা ব্যক্ত করেন।
দীর্ঘ প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে। এই প্রেক্ষাপটে সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর উদ্যোগকে বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বোয়েসেলের মাধ্যমে মোট ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি এবং নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে প্রথম পর্যায়ে ১১২ জন কর্মী নির্বাচন করা হয়। নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার আন্তর্জাতিক প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনে কাজ করবেন। তাদের মাসিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তির আওতায় তারা সেখানে কর্মরত থাকবেন। পাশাপাশি নিয়োগকর্তার পক্ষ থেকে কর্মীদের আবাসন ও চিকিৎসাসুবিধা দেওয়া হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কর্মীদের বিদেশ গমনের জন্য প্রয়োজনীয় অভিবাসনসংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করছে নিয়োগকারী প্রতিষ্ঠান। ফলে নির্বাচিত কর্মীদের নিজস্ব অর্থ ব্যয় করে বিদেশ যাওয়ার প্রয়োজন হচ্ছে না।
এই কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বর মাসে আরও ২২৫ জন বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল। এসব চাহিদাপত্রের ভিত্তিতে পরবর্তী সময়ে পর্যায়ক্রমে আরও কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি ব্যবস্থাপনায় এ ধরনের কর্মী নিয়োগ কার্যক্রম সম্প্রসারিত হলে বিদেশে চাকরি পেতে বাংলাদেশি কর্মীদের অতিরিক্ত অর্থ ব্যয়ের প্রবণতা কমবে। বিশেষ করে মধ্যস্বত্বভোগী ও দালালনির্ভর অভিবাসনপ্রক্রিয়া থেকে কর্মীদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
বিমানবন্দরে আয়োজিত বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
এ ছাড়া উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক, ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক দেবর্ষি মজুমদার, মহাব্যবস্থাপক নভিন্দর মুরুগিয়া, অংশীদার সারাভানাকুমার কানেসান এবং মালয়েশিয়ার সেরাম্বি সুরিয়ার আঞ্চলিক নিয়োগ পরিচালক আবদুল জলিলসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, চলতি বছরের জুনে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে ২২ জুন দেশটির প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করা এবং দেশটিতে আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান জানান। একই সঙ্গে দুই দেশের মধ্যে শ্রম অভিবাসন প্রক্রিয়া সহজ করা এবং কর্মীদের বিদেশ যাওয়ার ব্যয় কমানোর বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে অভিবাসন ব্যয় কমানোর পাশাপাশি কর্মী নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়ে দুই দেশের প্রধানমন্ত্রী একমত হন।
বিশ্লেষকদের মতে, সম্পূর্ণ বিনা খরচে বিদেশে কর্মসংস্থানের এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ, বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি দক্ষ ও প্রশিক্ষিত কর্মী পাঠানোর মাধ্যমে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হতে পারে।