কাজের সময় নির্ধারণ নিয়ে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সিদ্ধান্তের পাশে দাঁড়ালেন নির্মাতা করণ জোহর। তাঁর মতে, পুরুষ সুপারস্টারদের মতো নারী তারকাদেরও কাজের সময়সীমা নির্ধারণের স্বাধীনতা থাকা উচিত। দীপিকার আট ঘণ্টার শিফট নিয়ে তৈরি হওয়া বিতর্ক প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রীর পেশাগত সিদ্ধান্তকে সমর্থন করেছেন তিনি।
সম্প্রতি ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের নবম মৌসুমের একটি পর্বের ঝলক প্রকাশিত হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে অতিথি হিসেবে দেখা যাবে বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও রবি কিষানকে। তাঁদের সঙ্গে কথোপকথনের একপর্যায়ে চলচ্চিত্রশিল্পে কাজের সময়সূচি এবং অক্ষয় কুমারের কর্মনিষ্ঠার প্রসঙ্গ উঠে আসে।
আলোচনায় অক্ষয়ের সময়ানুবর্তিতা ও কাজের প্রতি নিষ্ঠার প্রশংসা করেন করণ। অভিনেতার সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, অক্ষয় ভোর পাঁচটায় মিটিং করেন, চিত্রনাট্য মুখস্থ রাখেন এবং পরিচালকদের সব সময় সহযোগিতা করেন। নতুন পরিচালকদের সুযোগ দেওয়ার ক্ষেত্রেও অক্ষয়ের ভূমিকার প্রশংসা করেন তিনি।
এরপরই দীপিকার আট ঘণ্টার শিফটের প্রসঙ্গ তোলেন করণ। অভিনেত্রীর সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, ‘আমি সব সময় দীপিকা পাড়ুকোনের সিদ্ধান্তকে সমর্থন করি। উনি যখন এই ধরনের কিছু বলেন, আমি জানি না তখন কেন এই বিষয়টিকে এত বড় করে দেখা হয়। এটা তাঁর অধিকার। উনি এই অধিকার অর্জন করেছেন।’
দীপিকার ব্যক্তিগত ও পেশাগত জীবনের প্রসঙ্গ টেনে করণ আরও বলেন, তিনি একজন পরিশ্রমী নারী, মা, স্ত্রী এবং পেশাদার অভিনয়শিল্পী। তাই তাঁর ব্যক্তিগত জীবনের বিষয়গুলোও গুরুত্ব পাওয়া উচিত।
করণের মতে, কাজের সময় নির্ধারণের ক্ষেত্রে নারী ও পুরুষ তারকাদের মধ্যে কোনো বৈষম্য থাকা উচিত নয়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পুরুষ সুপারস্টারদের মতো নারী সুপারস্টারদেরও কাজের ক্ষেত্রে সময়সীমা নির্ধারণের একটি স্বাধীনতা থাকা উচিত।’
একই সঙ্গে অক্ষয় কুমারের উদাহরণ টেনে করণ বলেন, দীপিকার মতো অক্ষয়ও নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করতে পছন্দ করেন। সৃজনশীলতার সঙ্গে আপস না করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা গেলে তা সংশ্লিষ্ট সবার জন্যই উপকারী।
উল্লেখ্য, দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টার শিফট নিয়ে বলিউডে আগে থেকেই আলোচনা চলছে। মাতৃত্বের পর ব্যক্তিগত জীবন ও কাজের মধ্যে ভারসাম্য রাখতে তাঁর এই সিদ্ধান্ত নতুন করে কর্মক্ষেত্রে নারী তারকাদের অধিকার ও স্বাধীনতার বিষয়টিকে সামনে এনেছে।